সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন পে স্কেল চলতি জুলাই মাস থেকেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি ধাপে ধাপে কার্যকর করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এখনও বেতন বৃদ্ধির হার, কত ধাপে বাস্তবায়ন হবে, কোন গ্রেডে কত বেতন বাড়বে এবং গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পে স্কেলের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর্থিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় পর্যালোচনা শেষে চলতি জুলাইয়ের মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহে গেজেট প্রকাশ করা হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পে স্কেলের কাঠামো, বাস্তবায়নের ধাপ, সরকারের ওপর আর্থিক প্রভাব এবং বিদ্যমান সফটওয়্যার ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো যাচাই-বাছাই করেই চূড়ান্ত গেজেট জারি করা হবে।
তবে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইতিবাচক খবর হলো, গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হলেও নতুন পে স্কেলের কার্যকারিতা ১ জুলাই থেকেই গণনা করা হতে পারে। সে ক্ষেত্রে তারা বকেয়াসহ বর্ধিত বেতনের সুবিধা পাবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









