ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনি সময়কালে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার আশঙ্কা থাকতে পারে। এই ধরনের ঘটনার লক্ষ্য হতে পারে নির্বাচনি সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থান। তাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ ও সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও, পাশাপাশি বড় জনসমাগমের আশপাশে অবস্থান বা চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। দূতাবাস জানিয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও হঠাৎ সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে।
নির্বাচন উপলক্ষে ইসি যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত।
এই পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সেবা দেবে বলে জানিয়েছে।
দূতাবাসের সতর্কতায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কয়েকটি করণীয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো—বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, সবসময় আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখা, কম চোখে পড়ার মতো আচরণ বজায় রাখা, জরুরি যোগাযোগের জন্য চার্জ করা মুঠোফোন সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং বিকল্প যাতায়াতের পথ আগেভাগে নির্ধারণ করা।
এর আগে গত বছরের ১৫ ডিসেম্বরও বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য অনুরূপ নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









