প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
রিজভী বলেন, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা ও উৎসবে নাগরিক হিসেবে পাশে থাকা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সবসময় কাজ করেছে। এবারও রথযাত্রা উৎসবে তাদের আয়োজনে দলটি একইভাবে সহযোগিতা করবে, যাতে কেউ কোনো উসকানি সৃষ্টি বা এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে।
তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রের নিরাপত্তায় কাজ করছে। এ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত হতে পারে। পরাজিত শক্তি সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। এ কারণে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রিজভী আরও বলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ দেশের সব সম্প্রদায়ের মানুষ আজ ঐক্যবদ্ধ। বিভিন্ন সময়ে যারা জাতির মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে, জনগণ তাদের চিনে ফেলেছে। বিভিন্ন ধর্মীয় উৎসবে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ দেশের ঐক্যের প্রমাণ।
তিনি বলেন, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য সরকার কাজ করছে। সাধারণ ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি খাল খননের মাধ্যমে কৃষি, মৎস্য ও পানি ব্যবস্থাপনায় উন্নয়ন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, প্রায় ১৫০ উপজেলায় ৩০ লাখ প্রাথমিক শিক্ষার্থীর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় টিফিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল ইসলাম এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









