দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘জুলাই নারী সমাবেশে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘‘নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকেই আশা করেছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু তার দাবি, বাস্তবে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধান সংশোধনসহ বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় তৎপরতা দেখা যাচ্ছে না।’’
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘‘১৪ জুলাই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। তার ভাষ্য অনুযায়ী, আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণের কারণে পরদিন তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়, যা আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে ওঠে।’’
তিনি বলেন, ‘‘যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে নারী-পুরুষ একসঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন। নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও আন্দোলনের পর তাদের জন্য প্রত্যাশিত রাজনৈতিক ও সামাজিক পরিসর নিশ্চিত করা সম্ভব হয়নি। তারপরও নারীরা আন্দোলনের আদর্শের সঙ্গে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।’’
নারীদের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক নারীদের বিভিন্ন দাবি বাস্তবায়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা।
বক্তব্যে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা নিয়েও মন্তব্য করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









