সরকারের উদ্যোগে প্রবাসীদের জন্য আগস্টের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে শুরু চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’।
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড চালুর উদ্যোগ-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠকে বলা হয়, প্রবাসী কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা।
সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পাশাপাশি প্রবাসী কার্ড বাস্তবায়নের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
সরকারের তথ্য অনুযায়ী, প্রবাসী কার্ডধারীরা অন্তত ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
- দেশে ও বিদেশে বিমানবন্দরের কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার এবং বিশেষ ইমিগ্রেশন বুথের সুবিধা।
- আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সেবা।
- বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়।
- গাড়ি বুকিংয়ে বিশেষ সুবিধা এবং সিগনেচার কার্ডধারীদের জন্য বিমানবন্দর পিক অ্যান্ড ড্রপ সেবা।
- সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসায় বিশেষ ছাড়।
- কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পরিবহনের সুবিধা।
- প্রবাসফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা।
- জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার।
- রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা এবং সহজ অর্থ লেনদেন।
- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কনস্যুলার সেবা, ব্যাংকিংসহ সরকারি সেবায় অগ্রাধিকার।
বৈঠকে জানানো হয়, প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ৫০ হাজার এবং ২০২৭ সালের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশে থাকা সব বাংলাদেশি প্রবাসী যেন এই কার্ডের আওতায় আসতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









