বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন।
সোমবার (২০ জুলাই) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়া এবং গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বার্নহ্যামকে আন্তরিক শুভেচ্ছা জানান।
চিঠিতে তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে তাঁর পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, এই বিজয় যুক্তরাজ্যের জনগণ ও লেবার পার্টির পক্ষ থেকে বার্নহ্যামের নেতৃত্বের প্রতি আস্থারই বহিঃপ্রকাশ।
তিনি আশা প্রকাশ করেন, অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
বার্তায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের নীতি এবং দুই দেশের জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে।
চিঠিতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদেরও দুই দেশের বন্ধুত্বের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করা হয়। তাদের অবদান উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্যের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
এ সময় তিনি অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালনের শুভকামনা জানান। একই সঙ্গে যুক্তরাজ্যের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন।
উল্লেখ্য, সোমবার অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









