একের পর এক কনসার্ট আয়োজন করে আগাম টিকিট বিক্রি, পরে অনুষ্ঠান বাতিল। অনুষ্ঠিত না হওয়া সেই কনসার্টের টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’র বিরুদ্ধে। অভিযোগ রয়েছে অনুষ্ঠান বাস্তবায়ন না হলে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পেজটি বন্ধ করে দেওয়া হয়।
জানা যায়, গত ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশনে শিল্পী অনুপম রায়ের কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়ে প্রায় ৫-৭ হাজার অগ্রিম টিকেট করা হয়। কিন্তু সেই অনুষ্ঠান বাস্তবায়ন হয়নি বলে জানা গেছে। তবে আগামী ১ আগস্ট একই ভেন্যুতে এইচএসপি কমিউনিকেশনের সঙ্গে যৌথ আয়োজনে অনুপম রায়ের আরেকটি কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু সেই আগের বিক্রি করা টিকিটে দর্শকরা দেখতে পারছেন না এই কনসার্টটি। নতুন করে কিনতে হচ্ছে টিকিট। যদিও আগেরবারের টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়নি দর্শকদের বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে দর্শকদের মাঝে।
বিগত ২০২৪ সালের ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজন করেছিল ট্রিপল টাইম কমিউনিকেশন। ওই আয়োজন নিয়েও অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। অনেক দর্শকের দাবি ছিল, টিকিট কিনেও নির্ধারিত আসনে বসতে পারেননি তারা। কেউ কেউ বৈধ টিকিট থাকার পরও অনুষ্ঠানস্থলে প্রবেশের সুযোগ পাননি।
অভিযোগ ওঠে, স্টেডিয়ামের ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্য না রেখেই অতিরিক্ত টিকিট বিক্রি করায় পুরো আয়োজন বিশৃঙ্খলায় পরিণত হয়। ফলে বহু দর্শক ভোগান্তির শিকার হন।
অভিযোগকারীদের ভাষ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড কোর্টসাইডে ‘হাইপ নেশন’ ও ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’র ব্যানারে সংগীতশিল্পী অনুভ জৈন’র একটি কনসার্টের ঘোষণা দেওয়া হয়। কনসার্টকে কেন্দ্র করে দর্শকদের কাছে বিক্রি করা হয় অগ্রিম টিকিট। তবে অনুষ্ঠান বাতিল করা হলেও অধিকাংশ দর্শকের টিকিটের অর্থ ফেরত পাননি। টাকা ফেরত পেতে অফিসে গেলে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় তাদের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ঘটনায় একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে জানান, পাওনা অর্থ চাইতে গেলেও বিভিন্নভাবে চাপ সৃষ্টি ও ভয়ভীতি দেখানো হয়েছে।
ভুক্তভোগী তাসদীদ সৌখিন বলেন, “টিকিটের টাকা ফেরতের বিষয়ে যোগাযোগ করলেই নানাভাবে চাপ প্রয়োগ করা হয়। এমনকি হুমকির মুখেও পড়তে হয়।”
ভুক্তভোগী এইচ এম আব্দুল্লাহ একই অভিযোগ করে বলেন, “আয়োজক হিসেবে ট্রিপল টাইম কমিউনিকেশনের ওপর আস্থা রেখে টিকিট কিনেছিলাম। কিন্তু অনুষ্ঠান বাতিল হওয়ার পর অর্থ ফেরত পাইনি। উল্টো টাকা চাইতে গিয়ে বারবার হুমকির মুখে পড়তে হয়েছে।”
২০২৪ সালের ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজন করেছিল ট্রিপল টাইম কমিউনিকেশন। ওই আয়োজন নিয়েও অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। অনেক দর্শকের দাবি ছিল, টিকিট কিনেও নির্ধারিত আসনে বসতে পারেননি। কেউ কেউ বৈধ টিকিট থাকার পরও অনুষ্ঠানস্থলে প্রবেশের সুযোগ পাননি।
অভিযোগ ওঠে, স্টেডিয়ামের ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্য না রেখেই অতিরিক্ত টিকিট বিক্রি করায় পুরো আয়োজন বিশৃঙ্খলায় পরিণত হয়। ফলে বহু দর্শক ভোগান্তির শিকার হন।
ট্রিপল টাইম কমিউনিকেশনের শুধু অতীতের বিতর্ক নয় আগামী শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিতব্য অনুপম রায়ের কনসার্টটি নিয়েও প্রশ্ন তুলছেন দর্শকরা। প্রতিষ্ঠানটির পূর্ববর্তী বিতর্ক এবং অনুষ্ঠান বাতিলের বিষয়টি বার বার উঁকি দিচ্ছে দর্শকদের মনে বলে জানান কয়েকজন ভুক্তভোগী।
প্রস্তাবিত কনসার্টটির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
তাদের মতে, কেপিআইভুক্ত এলাকায় বিপুল সংখ্যক দর্শক নিয়ে বড় পরিসরের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ও সুসংগঠিত ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। অন্যথায় অতীতের মতো বিশৃঙ্খলা, দর্শক ভোগান্তি কিংবা নিরাপত্তাজনিত জটিলতা তৈরি হতে পারে।
বিশেষ করে যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে টিকিট বিক্রি, প্রবেশ ব্যবস্থা ও আসন ব্যবস্থাপনা নিয়ে আগেই অভিযোগ রয়েছে, নতুন আয়োজনের আগে স্বচ্ছ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রকাশ করা প্রয়োজন বলে মনে করছেন তারা।
অভিযোগের বিষয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের সত্ত্বাধিকারী প্রীতম দে’র অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ ভিত্তিহীন। আমি বা আমার প্রতিষ্ঠান এমন কাজে যুক্ত নই।”
তিনি আরও বলেন, “অনুপম রায়ের কনসার্টটি সুষ্ঠভাবে শেষ হবে আশা করছি। এ জন্য সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে নজর দেওয়া হয়েছে।”
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, “অনুষ্ঠানটি ঘিরে যথাযথ নিরাপত্তা নেওয়া হয়েছে। আমাদের লোকবল সেখানে থাকবে। আশা করছি কোনো ধরণের নিরাপত্তা ঘাটতি হবে না। সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









