ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গতবছর সরকারি ব্যয়ে কেউ হজে যাননি এবং এ বছরও কাউকে সরকারি খরচে হজে নেওয়া হবে না। তবে চলতি বছর হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন বলে জানান তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা বলেন, গত দেড় বছর মন্ত্রণালয় পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার ওপর বিশেষ জোর দিয়েছেন। এছাড়া কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্বপালনের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
ড. খালিদ হোসেন জানান, জুলাই বিপ্লবের পর হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ২০২৫ সালের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো হয়েছে। এবছর আরও প্রায় ১৩ হাজার টাকা হ্রাস করা হয়েছে। গত দুইবছরে মোট ৪০ হাজার টাকা হ্রাসকে উল্লেখযোগ্য অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।
উপদেষ্টা বলেন, গত বছর সরকারি মাধ্যমের হাজিদের জন্য হজের খরচ শেষ হলে উদ্বৃত্ত ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। ২০১৭-২০২৪ পর্যন্ত হজ এজেন্সির অব্যয়িত প্রায় ৩৮ কোটি টাকা সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে ফেরত আনা হয়েছে।
২০২৫ সালের হজে তিনটি নতুন সেবা চালু হয়েছে—‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ, মোবাইল ফোনে রোমিং সুবিধা এবং হজ প্রি-পেইড কার্ড। এছাড়া এবছর তিনটি হজ প্যাকেজ প্রবর্তন করা হয়েছে, যার মধ্যে একটি সাশ্রয়ী প্যাকেজ মাত্র ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকায় ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, হজ প্যাকেজ-৩-এর সার্ভিস চার্জ প্রায় ৬০০ সৌদি রিয়াল কমানো হয়েছে। হাজিদের আবাসন হারাম শরীফ থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে সরবরাহ করা হয়েছে, যাতে যাতায়াত সুবিধাজনক হয়।
ধর্ম উপদেষ্টা উল্লেখ করেন, গত বছর স্বাস্থ্য সেবা চুক্তি প্রতি হাজির জন্য দুই সৌদি রিয়াল চার্জে সম্পন্ন হলেও এবছর তা বিনামূল্যে হবে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের হজ শেষে প্যাকেজ-১ ও প্যাকেজ-২-এর হাজিদের তিন কোটির বেশি টাকা ফেরত দেওয়া সম্ভব হবে।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের শূন্যপদে ১৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মামলাজনিত কারণে ১৯৭ জন নিয়োগ প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ। নবম ও তদূর্ধ্ব গ্রেডের ২৯ জন এবং ১০ থেকে ২০ তম গ্রেডের ৩২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে, এবং আরও কিছু পদোন্নতি প্রক্রিয়াধীন রয়েছে।
টিআর


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









