আগামী সপ্তাহের মাঝামাঝি দুই দিনের সফরে ভারতে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।
ঢাকা ও নয়াদিল্লির সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী সফরটি হলে এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ ও কানেক্টিভিটি, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এনডিটিভি জানিয়েছে, সফরটি দুই দিনের দ্বিপাক্ষিক কর্মসূচি হিসেবে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে সফরের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত বিষয় এখনো চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে কর্মসূচি চূড়ান্ত করার কাজ চলছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশকেও আমন্ত্রণ জানিয়েছে ভারত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









