পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়ে যাওয়ায় দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় সরকার। ওই দিনই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
দুজন প্রতিমন্ত্রী নিয়োগের কারণ ব্যাখ্যা করে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে গত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক বেশি কাজ হয়েছে। এরই মধ্যে মন্ত্রণালয়ে নতুন নতুন উইং চালু করা হয়েছে। অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটিও গঠন করা হয়েছে, যা আগে ছিল না।
শামা ওবায়েদ আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও গতি এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। মন্ত্রণালয়ের কাজ আরও সহজ করা এবং গতি বাড়ানোর লক্ষ্যেই সরকার দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









