আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে এসএসসি পরীক্ষা, পবিত্র রমজান, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও জাতীয় দিবসসহ স্থানীয় সামাজিক বাস্তবতাগুলো বিবেচনায় নেওয়া হবে। এসব বিষয় সমন্বয় করে নির্বাচন আয়োজনের জন্য একটি বাস্তবসম্মত ও সুসংহত সিদ্ধান্তে পৌঁছাবে কমিশন।
এদিকে ইউএনডিপির ‘ব্যালট’ প্রকল্পের আওতায় নির্বাচন কমিশন সচিবালয়, মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণের একটি প্রস্তাব নিয়েও বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে। অপতথ্য, ভুল তথ্য বা ডিসইনফরমেশন এবং বিদ্বেষমূলক বক্তব্য বা হেইট স্পিচ মোকাবিলার কৌশল সম্পর্কে সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
ইসি সচিব জানান, প্রশিক্ষণটি কোনো নির্দিষ্ট নির্বাচনকে কেন্দ্র করে নয়। এটি একটি স্বাধীন ও ধারাবাহিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচির অংশ। প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তী আলোচনায় প্রশিক্ষণের বিষয়বস্তু ও অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত করা হবে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনের সময়সূচিসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব এসেছে। তবে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির সুষ্ঠু ও সফল নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার একটি উচ্চ মানদণ্ড তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সেই মানদণ্ড ধরে রাখার পাশাপাশি আরও উন্নত করতে কাজ করছে।
ইউপি নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত রাখার কাজের পাশাপাশি স্থানীয় সার্বিক পরিবেশও মূল্যায়ন করা হবে। এসব বিষয় বিবেচনায় নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইসি সচিব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









