বাংলাদেশ অন্য কোনো দেশের খেলার দাবার বোর্ড হতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়ানোর অবস্থানে রয়েছে এবং নিজেদের শর্তেই বিশ্বের সঙ্গে এগিয়ে যেতে চায়।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘‘আমরা অন্য খেলোয়াড়দের খেলার জন্য দাবার বোর্ড হতে চাই না। আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই।’’ একই সঙ্গে মাথা উঁচু রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের স্বার্থ। দেশের স্বার্থকে সামনে রেখেই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতার বিষয়গুলো এগিয়ে নেওয়া হচ্ছে।’’
জ্বালানি সংকটের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতির প্রভাব মোকাবিলা করতে হয়েছে। এতে দুটি বড় চ্যালেঞ্জ সামনে এসেছে। এর একটি অপ্রত্যাশিত জ্বালানি সংকট, অন্যটি উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির বিষয়।’’
এই সংকট মোকাবিলায় জ্বালানির নতুন উৎস ও ক্ষেত্র খুঁজে বের করার পাশাপাশি উৎসের বৈচিত্র্যকরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। শামা ওবায়েদ বলেন, ‘‘দেশে নিজস্ব গ্যাস ও এলএনজির যেসব উৎস আগে অনুসন্ধান করা হয়নি, সেগুলোর অনুসন্ধান ইতোমধ্যে শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।’’
তিনি আরও বলেন, ‘‘সৌরবিদ্যুতের দিকেও নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিককে জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা চলছে।’’
রোহিঙ্গা সংকট নিয়ে শামা ওবায়েদ বলেন, ‘‘এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘদিন ধরে তাদের আশ্রয় দেওয়ার বিষয়টি দেশের অর্থনীতির ওপরও একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এ বিষয়ে সবসময় সহযোগিতাপূর্ণ ও সংবেদনশীল অবস্থান বজায় রেখেছে।’’
রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ তার অংশীদার, বন্ধু, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’’
‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









