দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। ঘোষিত মূল্য আজ থেকেই কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ১ হাজার ৫৮৫ টাকা দামের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ২৫২ টাকা।
এর আগে আগস্ট মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। পরে সেপ্টেম্বরে দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছিল।
অক্টোবর মাসে সেই দাম থেকে এবার এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









