প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিবের দায়িত্ব পেয়েছেন মেহেদুল ইসলাম আর সহকারী একান্ত সচিব হয়েছেন আব্দুর রহমান সানি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মেহেদুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
একই শর্তে সানিকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে দুই আদেশেই বলা হয়েছে।
ছাত্রদল হয়ে রাজনীতিতে আসা মেহেদুল ইসলাম পেশায় একজন আইনজীবী এবং দৈনিক দিনকালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। যিনি এতোদিন তারেক রহমানের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন।
আর আব্দুর রহমান সানি যুক্তরাজ্যের লন্ডনে পড়াশোনা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি নেতার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









