ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি ও পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যবেক্ষণে আগের নির্বাচনগুলোর মতোই প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি জানান, ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশন ভবনে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেলের মাধ্যমে ভোটকেন্দ্রের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী কার্যক্রম তদারকি করা হবে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং পরবর্তী সময়ে শেরপুর ও বগুড়ার দুটি উপনির্বাচনেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল।
আখতার আহমেদ বলেন, ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি চালানো হবে। এ ক্ষেত্রে বিজিবি, এসআরপি ও পুলিশের সহযোগিতা নেওয়া হবে। বডি ক্যামেরার পাশাপাশি বিজিবি ও পুলিশের ক্যামেরা এবং বিজিবির ড্রোন ব্যবহার করে নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ভবন থেকে ভোটের দিনের পরিস্থিতি মিনিটে মিনিটে পর্যবেক্ষণ করা হবে। বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর এবং তথ্যও যাচাই করা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইসি সচিবের ভাষ্য, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিটি খবর থেকেই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সুযোগ থাকে। সেসব তথ্য যাচাই করে যথাযথ পদক্ষেপ নেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। এভাবে প্রাপ্ত তথ্য কাজে লাগাতে পারলে নির্বাচন পরিচালনার মান আরও উন্নত করা সম্ভব হবে।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকেরা সরাসরি জানলে ও বুঝতে পারলে নির্বাচন পরিচালনার প্রক্রিয়াও আরও স্পষ্ট হবে। একটি ভালো উদ্যোগকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে নির্বাচনের পরিবেশ নিয়ে তোলা বিভিন্ন অভিযোগ এবং সুষ্ঠু নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, কোনো অভিযোগকেই খাটো করে দেখার সুযোগ নেই। তবে অভিযোগগুলোর সত্যতা ও কোথায় ত্রুটি রয়েছে, তা আগামীকালকের নির্বাচনেই আরও স্পষ্ট হবে। এ জন্য ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ঠাকুরগাঁও-১ আসনে সব শ্রেণির ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ভোটারদের জন্য সেই পরিবেশ রয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখা হচ্ছে।
আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ পাওয়া যায়নি। সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









