রাজধানীর কোতোয়ালি থানাধীন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে উপস্থিত জনতা। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন সুকুমার হালদার (২৫) ও ফয়সাল (২৫)।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে উপস্থিত লোকজন দুজনকে আটক করেন। এ সময় তাদের ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলও জব্দ করা হয়।
পরে আটক দুজন ও মোটরসাইকেলটি আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









