রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ট্রেনের অগ্রিম টিকিট ৩ মার্চ থেকে

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

ট্রেনের অগ্রিম টিকিট ৩ মার্চ থেকে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রাকে নির্বিঘ্ন করতে আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এবার ঈদযাত্রায় যাত্রীদের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।

টিকিট বিক্রি শুরু প্রথম দিন ৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট। ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

এছাড়াও ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রয় করা হবে।

একজন যাত্রী সর্বোচ্চ ১ বার সর্বাধিক ৪টি টিকেট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকেট রিফান্ড করা যাবে না। যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণী ব্যতিত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট স্টেশন কাউন্টার থেকে বিক্রয় করা হবে।

ঈদ ফেরত যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ১৩ মার্চ পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট। ১৪ মার্চ ২৪ মার্চের, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে।

ঘোষণায় বলা হয়, ১৬ মার্চ ২০২৬ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পর পুনরায় আগের নিয়ম অনুযায়ী সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে।

যাত্রীসেবা নির্বিঘ্ন করতে ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের জরুরি ডিউটি দেওয়া হবে। গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনগুলোতে কর্মকর্তা ও পরিদর্শদের সরাসরি তদারকির মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে।

ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কিছু মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। তবে ১৯ মার্চ ২০২৬ রাত ১২টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া সব ধরনের গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হবে। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হবে।

এছাড়া, টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত জয়দেবপুর থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ চট্টগ্রাম থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ ভোর ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ‘তিস্তা স্পেশাল-৩’ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৩টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ‘তিস্তা স্পেশাল-৪’ বিকেল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫’ সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৬’ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজারে পৌঁছাবে।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৭’ ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে। ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৮’ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহে পৌঁছাবে।

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯’ সন্ধ্যা ৭টায় জয়দেবপুর থেকে ছেড়ে রাত ২টা ৩০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-১০’ সকাল ৮টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুরে পৌঁছাবে।

ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ সকাল ৮টা ১৫ মিনিটে জয়দেবপুর থেকে ছেড়ে দুপুর ২টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। স্পেশাল-১০ রাত ১০টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে ভোর ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

ট্রেনের অগ্রিম টিকিট ৩ মার্চ থেকে | The Daily Adin