ভাইয়ের কর্মসূত্রে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব। এরপর মুঠোফোন ও অনলাইনে নিয়মিত কথোপকথনে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন জ্যাকি চেউং। অবশেষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করেছেন তিনি। দুই দেশের দুই নাগরিকের এই বিয়ে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই কনের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। দুই পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছে।
জ্যাকি ও নার্গিসের পরিচয়ের শুরুটা হয় নার্গিসের ভাই সিরাজুল ইসলামের মাধ্যমে। সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন জ্যাকি। কর্মক্ষেত্রে তাঁদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল ইসলাম তাঁর বোন নার্গিসের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এরপর জ্যাকি চীনে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। মুঠোফোন ও অনলাইনে নিয়মিত কথাবার্তার মধ্য দিয়ে একে অপরকে জানার সুযোগ পান তাঁরা। প্রায় তিন থেকে চার মাসের পরিচয় ও কথোপকথন একসময় ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। পরে দুজনের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই চীন থেকে বাংলাদেশে আসেন জ্যাকি।
জ্যাকি চেউং বলেন, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁর প্রতি ভালো লাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। নার্গিসকে জীবনসঙ্গী হিসেবে পেতে তিনি চীন থেকে বাংলাদেশে এসেছেন। তাঁকে বিয়ে করতে পেরে তিনি খুবই আনন্দিত। বাংলাদেশে এসে স্ত্রীর পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়েও ভালো লাগছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান তিনি।
নার্গিস আক্তার বলেন, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে পরিচয় হয়। প্রথমে সাধারণভাবে কথা হলেও ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। জ্যাকি তাঁকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুব খুশি। পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছেন তিনি।
নার্গিস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খার মেয়ে। জ্যাকি চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তাঁর বাবা ঝাং সিনহাই। জ্যাকি চীনে লরিচালক হিসেবে কাজ করেন। তাঁদের পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ।
বিয়ের পর স্ত্রীকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটছে জ্যাকির। নতুন জীবনের শুরুতে বাংলাদেশি পরিবার ও আত্মীয়স্বজনের সান্নিধ্য উপভোগ করছেন তিনি। প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
এদিকে, চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেবগ্রাম এলাকায় উৎসুক মানুষের ভিড় বাড়ছে। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, কেউ আবার ছবি তুলছেন।
নার্গিসের মা হাসিনা বেগম, খালা জাহানারা বেগম ও প্রতিবেশী শরিফা খাতুনও এ বিয়েতে আনন্দ প্রকাশ করেছেন। তাঁদের কাছে ভিন্ন দেশের একজন মানুষের সঙ্গে নার্গিসের নতুন জীবন শুরু করার বিষয়টি যেমন ব্যতিক্রমী, তেমনি পরিবারের জন্যও নতুন অভিজ্ঞতা।
গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়নের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চীনা নাগরিক জ্যাকি চেউং ও বাংলাদেশি তরুণী নার্গিস আক্তারের বিয়ের বিষয়ে তিনি অবগত নন। তবে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম, আর সেই প্রেমের পরিণতি বিয়ে—এভাবেই নতুন জীবনের সূচনা করেছেন জ্যাকি ও নার্গিস। এখন প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে নিজ দেশ চীনে ফিরে নতুন সংসার সাজানোর স্বপ্ন দেখছেন জ্যাকি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








