শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পহেলা বৈশাখ নিয়ে যে সিদ্ধান্ত নিল সরকার

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম

পহেলা বৈশাখ নিয়ে যে সিদ্ধান্ত নিল সরকার

আসন্ন পহেলা বৈশাখে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে সর্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ আয়োজন নিশ্চিত করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (২৯ মার্চ) সকালে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

সভায় বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এবারের নববর্ষের প্রতিপাদ্য—‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’।

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি যথাযথ বাস্তবায়নে বাংলা নববর্ষ উদযাপনকে সর্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে প্রাথমিক কয়েকটি সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

এগুলো হলো—

ক. পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

খ. ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে বরাবরের ন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফিডের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে।

গ. বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

ঘ. বাংলাদেশের রাজধানী শহর ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে যথাযথ কর্মসূচি আয়োজন করবে শিল্পকলা একাডেমি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন এবং এতে জাতীয়তাবাদ সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে (জাসাস) সম্পৃক্ত করা হবে।

সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়েছে সভায়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সঞ্চালনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী ছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ছায়ানট প্রতিনিধি অধ্যাপক কাওসার হাসান টগর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় মোট ৬০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন অন্যান্য জেলা ও অধিদপ্তরের প্রতিনিধিরা। 

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.