সততা, মেধা ও যোগ্যতাই জনপ্রশাসনে নিয়োগের মূল শর্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পছন্দের পদে থাকার প্রবণতা কর্মকর্তাদের দুর্নীতির দিকে ঠেলে দেয় মন্তব্য করে তিনি যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রতিটি পদকে সমানভাবে গুরুত্বপূর্ণ মনে করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সবসময় পছন্দের পদে থাকার আকাঙ্ক্ষা জনপ্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত করে তোলে। এজন্য প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ ভেবে ও দেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দুর্নীতির সঙ্গে সরকার কোনো আপস করবে না। সততা, মেধা ও যোগ্যতাকেই জনপ্রশাসনে নিয়োগের মূল শর্ত হিসেবে গ্রহণ করা হবে।
জাতীয় নির্বাচনে যারা পেশাদারত্বের পরিচয় দিয়েছেন তাদের ধন্যবাদ দিয়ে সরকারপ্রধান বলেন, জনপ্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করলে জনরায়ের প্রতিফলন ঘটে, যা এবারের নির্বাচনে প্রমাণিত হয়েছে।
জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বিষয়ে তিনি বলেন, এগুলো শুধু শীতকাল বা নির্দিষ্ট দিবসকেন্দ্রিক না হয়ে সারাবছর চালু রাখা উচিত।
প্রধানমন্ত্রী বলেন, জনরায়ের প্রতিফলন ঘটলে সুষ্ঠু নির্বাচন সম্ভব এটি ১২ ফেব্রুয়ারি প্রমাণিত হয়েছে। আর ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কী হয়, তা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জাতি দেখেছে।
তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী শাসনামলে দুর্নীতি ও ঋণের বোঝা তৈরি হয়েছে এবং প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণ রেখে যাওয়া হয়েছে। সেই পরিস্থিতির মধ্যেই সরকার কাজ শুরু করেছে। দেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল, বিচার বিভাগ, শিক্ষা ও দুদক অকার্যকর ছিল, স্বাস্থ্যব্যবস্থা ছিল ভঙ্গুর। যুদ্ধ পরিস্থিতির কারণে জনভোগান্তি তৈরি হলেও সরকার তা মোকাবিলা করে যাচ্ছে এবং একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বিভিন্ন কাজ শুরু করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









