মানুষ সামাজিক জীব। পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, দায়িত্ববোধ, শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতেই গড়ে ওঠে একটি সুস্থ সমাজ। সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং পরস্পরের প্রতি আস্থাই সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান শক্তি। রাষ্ট্রের আইন, প্রশাসনের কাঠামো, অর্থনৈতিক উন্নয়ন কিংবা প্রযুক্তিগত উৎকর্ষ- কোনোটিই এককভাবে একটি সমাজকে সুন্দর ও নিরাপদ করে তুলতে পারে না, যদি মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাসের ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
অথচ বর্তমান সময়ে আমাদের সমাজ এমন এক বাস্তবতার মুখোমুখি, যেখানে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব ক্রমেই বাড়ছে, সম্পর্কের গভীরতা কমছে, নৈতিকতার জায়গায় স্বার্থপরতা প্রাধান্য পাচ্ছে এবং সামাজিক আস্থার জায়গা দখল করছে সন্দেহ, অবিশ্বাস ও অনিশ্চয়তা। বাইরে থেকে সমাজ যত আধুনিক হচ্ছে, ভেতরে ভেতরে তার মানবিক বন্ধন ততটাই দুর্বল হয়ে পড়ছে। প্রশ্ন উঠছে, উন্নত প্রযুক্তি, আধুনিক অবকাঠামো ও অর্থনৈতিক প্রবৃদ্ধির এই সময়ে মানুষ কেন মানুষকে বিশ্বাস করতে ভয় পায়? কেন সামাজিক সম্পর্কের মধ্যে আন্তরিকতার পরিবর্তে স্বার্থের হিসাব বড় হয়ে উঠছে? আধুনিক সমাজের এই সংকট কেবল ব্যক্তিগত সম্পর্কের অবক্ষয় নয়; এটি একটি গভীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকট।
বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সামাজিক আস্থার সংকট একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। পরিবার থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান- প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। মানুষ যখন দেখে যোগ্যতার পরিবর্তে পরিচয়, সততার পরিবর্তে প্রভাব এবং ন্যায়ের পরিবর্তে ক্ষমতা অনেক ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানের প্রতি তার আস্থা দুর্বল হয়। একজন সাধারণ নাগরিক যখন সরকারি সেবা পেতে হয়রানির শিকার হন, ন্যায়বিচার পেতে দীর্ঘসূত্রতার মুখোমুখি হন কিংবা নিজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রভাবশালী মহলের বাধার আশঙ্কা করেন, তখন রাষ্ট্রের প্রতি তাঁর বিশ্বাসে চিড় ধরে। রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক দায়িত্বশীলতা। রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে, আর নাগরিক রাষ্ট্রের আইন ও সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। কিন্তু এই সম্পর্কের কোনো একদিকে দায়িত্বহীনতা, বৈষম্য কিংবা জবাবদিহির অভাব দেখা দিলে সামাজিক আস্থার সংকট আরো গভীর হয়। বাংলাদেশের সামাজিক আস্থার বাস্তবতা বুঝতে কয়েকটি জাতীয় জরিপের তথ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে ২০২৪ সালে দেশের ৬৪ জেলার ৬ হাজার ৫১০ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর একটি জরিপ পরিচালনা করে। জরিপে দেখা যায়, অধিকাংশ মানুষ অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সতর্ক থাকতে পছন্দ করেন। ২০২৪ সালের জরিপে প্রায় ৬১ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। অন্যদিকে মাত্র ১১ দশমিক ৬ শতাংশ মানুষ বলেছেন, অধিকাংশ মানুষকে বিশ্বাস করা যায়। এই পরিসংখ্যান আমাদের সামাজিক সম্পর্কের ভেতরে বিদ্যমান অনাস্থার একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে। অর্থাৎ মানুষের সংখ্যা বাড়ছে, যোগাযোগের মাধ্যম বাড়ছে, কিন্তু পারস্পরিক বিশ্বাসের পরিসর সেই অনুপাতে বিস্তৃত হচ্ছে না। [সূত্র: A Survey of the Bangladeshi People 2024, দ্য এশিয়া ফাউন্ডেশন এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)]
সামাজিক আস্থার সংকটের অন্যতম প্রধান কারণ দুর্নীতি ও অনিয়ম। দুর্নীতি শুধু রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি করে না, এটি মানুষের নৈতিক বিশ্বাসকেও ধ্বংস করে। যখন একজন সাধারণ নাগরিক দেখেন, তাঁর পরিশ্রমের মূল্যায়ন হচ্ছে না, অথচ অনিয়মের মাধ্যমে কেউ কেউ সুবিধা অর্জন করছেন, তখন সমাজের প্রতি তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গি দুর্বল হয়ে পড়ে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নাগরিক ধারণা জরিপ ২০২৫-এর তথ্য অনুসারে, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি সেবা গ্রহণকারী নাগরিকদের মধ্যে ৩১ দশমিক ৬৭ শতাংশ ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। একই জরিপে দেখা যায়, সরকারি সিদ্ধান্তে নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলে মনে করেন মাত্র ২৭ দশমিক ২৪ শতাংশ নাগরিক। রাজনৈতিক প্রক্রিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের সুযোগ আছে বলে বিশ্বাস করেন মাত্র ২১ দশমিক ৯৯ শতাংশ। এই পরিসংখ্যানগুলো নাগরিকের অংশগ্রহণ, রাষ্ট্রীয় সেবার স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক আস্থার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো স্পষ্ট করে। [সূত্র: The Citizen Perception Survey (CPS) 2025, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)]
অন্যদিকে, সামাজিক আস্থার সংকটের আরেকটি বড় ক্ষেত্র হলো পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক। একসময় পরিবার ছিল মানুষের নিরাপত্তা, ভালোবাসা ও মানসিক আশ্রয়ের প্রধান জায়গা। পরিবারের সদস্যরা একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নিতেন, বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি স্নেহ ছিল পারিবারিক সংস্কৃতির স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা, অর্থনৈতিক প্রতিযোগিতা, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা এবং অতিরিক্ত আত্মস্বার্থের কারণে অনেক ক্ষেত্রে পারিবারিক সম্পর্কেও দূরত্ব তৈরি হচ্ছে। একই ছাদের নিচে বসবাস করেও পরিবারের সদস্যদের মধ্যে মানসিক যোগাযোগ কমে যাচ্ছে। সন্তান বাবা-মায়ের সঙ্গে প্রয়োজনীয় সময় কাটাচ্ছে না, আবার অনেক ক্ষেত্রে বাবা-মাও সন্তানের মানসিক জগৎ বোঝার চেষ্টা করছেন না। আত্মীয়তার সম্পর্কেও আন্তরিকতার পরিবর্তে প্রয়োজন ও সুবিধার হিসাব প্রাধান্য পাচ্ছে। অথচ পরিবারে বিশ্বাসের ভিত্তি দুর্বল হলে তার প্রভাব পড়ে পরবর্তী প্রজন্মের সামাজিক আচরণে। যে শিশু পরিবারে সততা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার চর্চা দেখতে পায় না, তার মধ্যে ভবিষ্যতে সুস্থ সামাজিক মূল্যবোধ গড়ে ওঠাও কঠিন হয়ে পড়ে। বর্তমান সমাজে সামাজিক যোগাযোগমাধ্যমও আস্থার সংকটকে বহুমাত্রিক করে তুলেছে। প্রযুক্তি মানুষের যোগাযোগকে সহজ করেছে, পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। কিন্তু একই সঙ্গে মিথ্যা তথ্য, গুজব, অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ এবং উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তির বিস্তার মানুষের পারস্পরিক বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করছে। কোনো ঘটনা যাচাই না করেই শেয়ার করা, সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে অপমান করা কিংবা ভিন্নমতকে শত্রুতা হিসেবে বিবেচনা করার প্রবণতা উদ্বেগজনক। অনেক সময় একটি মিথ্যা তথ্য মানুষের সম্মানহানি, পারিবারিক অশান্তি কিংবা সামাজিক বিভাজনের কারণ হয়ে দাঁড়ায়। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, মানুষ ধীরে ধীরে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়ে বিভ্রান্ত হয়ে পড়ছে। তথ্যের প্রাচুর্য থাকলেও নির্ভরযোগ্য তথ্যের প্রতি আস্থা সব সময় তৈরি হচ্ছে না। প্রযুক্তির প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত মানুষের মধ্যে জ্ঞান, সচেতনতা ও সংযোগ বৃদ্ধি করা; বিভাজন, বিদ্বেষ ও অবিশ্বাস ছড়িয়ে দেওয়া নয়।
রাজনৈতিক বিভাজনও সামাজিক আস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। একটি গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। বরং ভিন্নমত, যুক্তি ও সমালোচনার স্বাধীনতাই গণতন্ত্রকে শক্তিশালী করে। কিন্তু যখন রাজনৈতিক পরিচয় মানুষের ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক অবস্থান কিংবা নাগরিক অধিকার নির্ধারণের মাপকাঠি হয়ে ওঠে, তখন সমাজে বিভাজন সৃষ্টি হয়। মানুষ তখন একজন ব্যক্তিকে তাঁর যোগ্যতা, সততা কিংবা মানবিক গুণাবলির ভিত্তিতে মূল্যায়ন না করে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার করতে শুরু করে। ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা, প্রতিপক্ষকে শত্রু মনে করা এবং সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে গ্রহণ করা সুস্থ সামাজিক পরিবেশের অন্তরায়। রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রয়োজন মতের বৈচিত্র্যকে সম্মান করা, বিরোধী চিন্তাকে সহ্য করা এবং যুক্তির মাধ্যমে মতপার্থক্যের সমাধান করা। যে সমাজে মানুষ নির্ভয়ে নিজের মত প্রকাশ করতে পারে না, সে সমাজে প্রকৃত সামাজিক আস্থা প্রতিষ্ঠা করা কঠিন।
সামাজিক আস্থার সংকটের দায় কেবল রাষ্ট্র বা প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দিলে সমস্যার পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয়। ব্যক্তিমানুষের আচরণ, সামাজিক মূল্যবোধ এবং দৈনন্দিন নৈতিক চর্চার সঙ্গেও এই সংকট গভীরভাবে সম্পর্কিত। আমরা অনেক সময় নিজের অধিকার নিয়ে সচেতন হলেও অন্যের অধিকারের প্রতি সমান শ্রদ্ধাশীল হই না। অন্যের কাছে সততা প্রত্যাশা করি, কিন্তু নিজের সুবিধার জন্য নিয়ম ভাঙতে দ্বিধা করি না। অন্যের অন্যায় নিয়ে সোচ্চার হই, অথচ নিজের স্বার্থে ঘটে যাওয়া অনিয়মকে অনেক সময় যুক্তি দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করি। এই দ্বিমুখী মানসিকতা সামাজিক বিশ্বাসের অন্যতম অন্তরায়। মনে রাখতে হবে, সমাজ কোনো বিমূর্ত ধারণা নয়; সমাজ গঠিত হয় প্রত্যেক মানুষের আচরণ, সিদ্ধান্ত ও দায়িত্ববোধের সমষ্টিতে। তাই সামাজিক পরিবর্তনের সূচনা হতে হবে ব্যক্তির নিজের জীবন থেকেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামাজিক আস্থা কোনো আদেশ দিয়ে প্রতিষ্ঠা করা যায় না; এটি অর্জন করতে হয়।
একজন জনপ্রতিনিধি যখন প্রতিশ্রুতি রক্ষা করেন, একজন সরকারি কর্মকর্তা যখন সততার সঙ্গে দায়িত্ব পালন করেন, একজন শিক্ষক যখন শিক্ষার্থীর প্রতি ন্যায়সংগত আচরণ করেন, একজন ব্যবসায়ী যখন ক্রেতার সঙ্গে প্রতারণা করেন না এবং একজন সাধারণ নাগরিক যখন অন্যের অধিকারকে নিজের অধিকারের মতো সম্মান করেন- তখনই সমাজে আস্থার ভিত্তি শক্তিশালী হয়। ছোট ছোট সততা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণ সম্মিলিতভাবে বড় সামাজিক পরিবর্তনের জন্ম দেয়। পরিশেষে বলা যায়, আধুনিক সমাজ আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি, অর্থনৈতিক সম্ভাবনা ও বিশ্বায়নের বিস্তৃত সুযোগ; অন্যদিকে মানুষের মধ্যে অবিশ্বাস, নৈতিক অবক্ষয়, বৈষম্য এবং সম্পর্কের বিচ্ছিন্নতা।
এই দ্বন্দ্বের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে- আমরা কি কেবল অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর একটি উন্নত সমাজ চাই, নাকি এমন একটি মানবিক সমাজ চাই, যেখানে মানুষ মানুষের ওপর বিশ্বাস রাখতে পারবে? মনে রাখতে হবে, সেতু নির্মাণ করে দুটি ভূখণ্ডকে যুক্ত করা যায়, কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে প্রয়োজন বিশ্বাস। অট্টালিকা নির্মাণ করে নগরের সৌন্দর্য বাড়ানো যায়, কিন্তু ন্যায়বিচার ও মানবিকতা ছাড়া সমাজের সৌন্দর্য প্রতিষ্ঠা করা যায় না। যে সমাজে মানুষ মানুষের পাশে দাঁড়াতে ভয় পায়, যেখানে সততা দুর্বলতা আর অসততা সাফল্যের সিঁড়ি হিসেবে বিবেচিত হয়, সেখানে প্রকৃত উন্নয়ন কখনো পূর্ণতা পেতে পারে না। তাই আধুনিক সমাজের সবচেয়ে বড় প্রয়োজন নতুন কোনো প্রযুক্তি কিংবা আরো বড় অবকাঠামো নয়; প্রয়োজন মানুষের মধ্যে হারিয়ে যেতে বসা বিশ্বাস, বিবেক ও মানবিকতার পুনর্জাগরণ। কারণ, সামাজিক আস্থাই সভ্যতার অদৃশ্য ভিত্তি, আর সেই ভিত্তি দুর্বল হয়ে পড়লে উন্নয়নের সমস্ত দৃশ্যমান অর্জন একসময় অর্থহীন হয়ে যেতে পারে।
লেখক : কবি ও সমাজচিন্তক


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









