রাষ্ট্রযন্ত্রের চাকা সচল রাখতে হলে নীতিনির্ধারকদের অবশ্যই আমলাতান্ত্রিক ব্যয়বৃদ্ধির বদলে দেশের অর্থনীতির প্রকৃত চালিকাশক্তি উদ্যোক্তা ও বেসরকারি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র ৪ লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে, যা মূলত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর অতিমাত্রায় নির্ভরশীল। এই রাজস্ব ঘাটতির মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের ফলে রাষ্ট্রের বার্ষিক ব্যয় আরো ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যা উদ্যোক্তাবান্ধব সংস্কার ছাড়া বহন করা প্রায় অসম্ভব।
যে কোনো আধুনিক রাষ্ট্রের টিকে থাকার প্রধান ভিত্তি হলো তার অভ্যন্তরীণ রাজস্ব আয়। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে রাষ্ট্র পরিচালনার মূল জ্বালানি আসে মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আমদানি-রপ্তানি শুল্ক থেকে। এর প্রায় ৮০ ভাগই আসে ব্যবসায়ী তথা উদ্যোক্তাদের হাত ধরে। এর বাইরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখে এবং বিদেশি ঋণ ও অনুদান বড় অবকাঠামো নির্মাণে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু রাষ্ট্রের দৈনন্দিন পরিচালনা ব্যয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন, শিক্ষা, স্বাস্থ্য এবং অভ্যন্তরীণ উন্নয়ন কার্যক্রমের প্রায় পুরোটাই নির্ভর করে অভ্যন্তরীণ রাজস্বের ওপর।
গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, এই অভ্যন্তরীণ রাজস্বের সিংহভাগ প্রায় ৮০ শতাংশের কাছাকাছি অর্থ আসে দেশের বেসরকারি খাত, শিল্পপ্রতিষ্ঠান, কর্পোরেট হাউস এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের হাত ধরে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আমাদের নীতিনির্ধারণী মহলে সেই প্রাণভোমরা অর্থাৎ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের যথাযথ সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে চরম উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। ফলে, দেশে একদিকে যেমন রাজস্ব আদায়ে বড় ধরনের স্থবিরতা নেমে এসেছে, অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়াতে গিয়ে সরকার রীতিমতো হিমশিম খাচ্ছে।
সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য-উপাত্তের দিকে তাকালে এই সংকটের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। কিন্তু অর্থবছর শেষে দেখা গেছে, এনবিআর আদায় করতে পেরেছে মাত্র ৪ লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ৮১ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ, এক বছরেই রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯২ হাজার ৬১০ কোটি টাকা। আয়কর, ভ্যাট এবং শুল্ক এই তিনটি খাতেই আদায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে ছিল। বিশেষ করে, আয়কর খাতে ১ লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮২৭ কোটি টাকা। ভ্যাট খাতেও একই পরিমাণ লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪০ কোটি টাকা।
রাজস্ব আদায়ের এই মন্থর গতির মূল কারণ হলো দেশে নতুন বিনিয়োগ না হওয়া, বিদ্যমান শিল্পকারখানাগুলোর উৎপাদন সক্ষমতা কমে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়া। রাজস্ব আয়ের এই নাজুক অবস্থার মধ্যেই রাষ্ট্রের অনুৎপাদনশীল ও পরিচালন ব্যয় জ্যামিতিক হারে বাড়ছে। ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেটে নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়ন। সরকারি হিসাব অনুসারে, দেশের প্রায় ১৪ থেকে ২৪ লাখ সরকারি চাকরিজীবী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য নতুন পে-স্কেল কার্যকর করতে গিয়ে রাষ্ট্রের বার্ষিক ব্যয় বাড়ছে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।
গত ১৫ বছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয় চারগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই বিশাল অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যা আগের বছরের প্রকৃত আদায়ের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বেশি। অর্থনীতিবিদদের মতে, দেশের ইতিহাসে কখনোই এক বছরে রাজস্ব আদায়ে এমন উল্লম্ফন ঘটেনি। প্রশ্ন হলো, দেশে যদি নতুন কলকারখানা না গড়ে ওঠে, নতুন উদ্যোক্তা তৈরি না হয় এবং বিদ্যমান ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি মুনাফা করতে না পারে, তবে এনবিআর এই বিশাল অঙ্কের রাজস্ব কোত্থেকে আদায় করবে? সরকার সাহেবের দুই সন্তান। এক সন্তান আয় করে, আর এক সন্তান সেই টাকা দিয়ে বাজার সদাই করে, সার্ভিসগুলো দেয়।
এখন শুধু সার্ভিস দেওয়া সরকারি কর্মচারীদের ঠিক রাখলে তো হবে না; বরং যে টাকাটা দেয় মানে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক তাদের ঠিক রাখতে হবে। নইলে সরকারি কর্মচারীদের বেতন সরকার কোথা থেকে দিবে? এখানেই একটি মৌলিক অর্থনৈতিক সত্য অনুধাবন করা জরুরি। সরকার নিজে কোনো সম্পদ উৎপাদন করে না; সরকার হলো সম্পদ বণ্টনকারী ও নিয়ন্ত্রক সংস্থা। সম্পদ সৃষ্টি করেন উদ্যোক্তা, শিল্পপতি ও ব্যবসায়ীরা। একটি সফল কোম্পানি রাষ্ট্রের কোষাগারে কী পরিমাণ অর্থ জোগান দেয়, তা সাধারণ মানুষের কল্পনারও অতীত। উদাহরণস্বরূপ, বাংলাদেশের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের মুষ্টিমেয় কয়েকটি প্রতিষ্ঠান একাই হাজার হাজার কোটি টাকা রাজস্ব দেয়।
বহুজাতিক কোম্পানি বিএটিবি একাই বছরে প্রায় ২৯ হাজার ৫৩০ কোটি টাকার বেশি ভ্যাট, সম্পূরক শুল্ক ও কর রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়। দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার ওপর কর, ভ্যাট ও স্পেকট্রাম ফি দেয়; এমনকি ২০২৫ সালের প্রথম তিন মাসেই তারা রাষ্ট্রীয় কোষাগারে ২ হাজার ৪০০ কোটি টাকা জমা দিয়েছিল। দেশীয় শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে আবুল খায়ের গ্রুপ এক অর্থবছরেই সরকারকে ৬ হাজার ৫২১ কোটি টাকা কর দিয়েছে, যা দেশের মোট রাজস্বের প্রায় ২ দশমিক ৫ শতাংশ। এছাড়া মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), প্রাণ-আরএফএল গ্রুপ, সিটি গ্রুপ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন এবং শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলো প্রতি বছর হাজার হাজার কোটি টাকা প্রত্যক্ষ কর ও উৎসে কর কর্তনের মাধ্যমে সরকারের তহবিল সমৃদ্ধ করছে। এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের আওতাধীন মাত্র কয়েক ডজন প্রতিষ্ঠান থেকেই বছরে প্রায় ৭৬ হাজার ৯৫৩ কোটি টাকার ভ্যাট আদায় হয়।
বাস্তব চিত্র হলো, বাংলাদেশে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার পথটি আজও কণ্টকাকীর্ণ। একজন তরুণ বা অভিজ্ঞ ব্যবসায়ী যখন দেশে একটি নতুন কোম্পানি নিবন্ধন করতে যান, তখন থেকেই তাকে আমলাতান্ত্রিক জটিলতা, লাইসেন্সিংয়ের দীর্ঘসূত্রতা এবং পদে পদে হয়রানির শিকার হতে হয়। ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, ফায়ার লাইসেন্স, বিএসটিআই অনুমোদন এবং ভ্যাট-ট্যাক্স নিবন্ধন পেতে মাসের পর মাস সময় লেগে যায়। এর ওপর রয়েছে ব্যাংক ঋণের উচ্চ সুদহার, তারল্য সংকট এবং জ্বালানি তথা গ্যাস ও বিদ্যুতের অনিশ্চয়তা। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো আমাদের কর ব্যবস্থার জটিলতা ও কর কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি। বাংলাদেশে কর্পোরেট করের হার এখনো দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় বেশি; অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২৭ দশমিক ৫ শতাংশ এবং টেলিকম বা তামাক খাতে তা ৪৫ শতাংশ পর্যন্ত। তদুপরি, কোনো কোম্পানি লোকসান করলেও তাকে মোট আয়ের ওপর ন্যূনতম টার্নওভার ট্যাক্স দিতে হয়, যা মূলধন ক্ষয় করে নতুন উদ্যোক্তাদের শুরুতেই পঙ্গু করে দেয়। কর অফিসগুলোর অহেতুক অডিট ভীতি, ঘুষ-দুর্নীতি এবং অগ্রিম আয়কর (এআইটি) ও উৎসে কর কর্তনের জটিল নিয়মাবলির কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে, দেশে নতুন কোম্পানি গড়ে ওঠার হার আশঙ্কাজনকভাবে কমে গেছে।
অর্থনীতির এই মৌলিক সমীকরণটি না বুঝে আমরা প্রায়ই মূল সমস্যার পরিবর্তে উপসর্গ নিয়ে ব্যস্ত থাকি। সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন অবশ্যই জরুরি। কারণ, মূল্যস্ফীতির বাজারেও তাঁদের পরিবার চালাতে হয়। কিন্তু রাষ্ট্রের আয়ের উৎস বা ‘সোনার ডিমপাড়া হাঁস’টিকে দুর্বল করে দিয়ে কেবল ব্যয় বাড়ানোর নীতি দীর্ঘমেয়াদে আত্মঘাতী হতে বাধ্য। যখন রাজস্ব আয় কম থাকে আর বেতন-ভাতা বা পরিচালন ব্যয় বাড়তে থাকে, তখন সরকার বাধ্য হয়ে উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁট করে, অথবা ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে ৪৬ শতাংশের বেশি ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সরকার যখন নিজেই ব্যাংক থেকে সব টাকা ঋণ নিয়ে নেয়, তখন বেসরকারি খাতের উদ্যোক্তারা বিনিয়োগের জন্য ব্যাংক থেকে ঋণ পান না।
এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যায়, নতুন শিল্প স্থাপন বন্ধ হয়ে যায়, কর্মসংস্থান সংকুচিত হয় এবং দিনশেষে সরকারের রাজস্ব আদায় আরো কমে যায়। এটি একটি দুষ্টচক্র, যা থেকে বেরিয়ে আসতে না পারলে অর্থনীতি স্থবির হয়ে পড়বে। এই লক্ষ্য অর্জনে সরকারকে অবিলম্বে কতগুলো সাহসী ও কাঠামোগত সংস্কার হাতে নিতে হবে। প্রথমত: ব্যবসা শুরু করার প্রক্রিয়া বা ‘ইজ অব ডুয়িং বিজনেস’ প্রকৃত অর্থেই সহজ করতে হবে। ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে কোনো প্রকার ঘুষ বা হয়রানি ছাড়া একজন উদ্যোক্তা যেন এক সপ্তাহের মধ্যে কোম্পানির সব ধরনের নিবন্ধন ও ছাড়পত্র পান, তা নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত: কর নীতিতে আমূল পরিবর্তন আনতে হবে। নতুন উদ্যোক্তা ও স্টার্টআপগুলোর জন্য প্রথম পাঁচ থেকে সাত বছর সম্পূর্ণ কর অবকাশ (ট্যাক্স হলিডে) সুবিধা দেওয়া এবং লোকসানি প্রতিষ্ঠানের ওপর থেকে ন্যূনতম টার্নওভার ট্যাক্স প্রত্যাহার করা জরুরি। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকার ২ হাজার কোটি টাকার এসএমই তহবিল এবং ২২৫ কোটি টাকার উদ্যোক্তা তহবিল গঠনের যে উদ্যোগ নিয়েছে, তার স্বচ্ছ ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে যেন প্রকৃত নতুন উদ্যোক্তারা জামানত ছাড়াই স্বল্প সুদে এই পুঁজি পান। তৃতীয়ত: রাজস্ব প্রশাসনে পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটালাইজেশন চালু করতে হবে, যাতে করদাতা এবং কর কর্মকর্তার মধ্যে মুখোমুখি সাক্ষাতের প্রয়োজন না হয়। এতে দুর্নীতি ও হয়রানি কমবে এবং ব্যবসায়ীরা নির্ভয়ে কর দিতে উৎসাহিত হবেন। চতুর্থত: জ্বালানি নিরাপত্তা ও ব্যাংক খাতের সুশাসন ফিরিয়ে এনে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং এক অঙ্কের সুদে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ঋণের ব্যবস্থা করতে হবে।
লেখক : ন্যাশনাল এসোসিয়েট এন্ড কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (বাংলাদেশ), আইএসএইচআর


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









