রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়েও নির্বাচন জেতা সম্ভব: তাসনিম জারা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়েও নির্বাচন জেতা সম্ভব: তাসনিম জারা

বাংলাদেশে প্রচলিত অর্থ ও পেশিশক্তির রাজনীতির বাইরে গিয়েও নির্বাচন করা এবং জেতা সম্ভব বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর মুগদাপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা বলেন, ‘নির্বাচনের আগে কয়েক কোটি টাকা খরচ করলে নির্বাচনের পরে সেই টাকা তুলতে দুর্নীতি ছাড়া পথ থাকে না। আমরা প্রমাণ করতে চাই যে অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়েও নির্বাচন করা এবং জেতা সম্ভব।’

ফুটবল প্রতীকের এই প্রার্থী তার নির্বাচনি ভাবনায় শিক্ষা সংস্কার, নাগরিক ভোগান্তি নিরসন ও প্রচারণার নতুন কৌশল তুলে ধরেন। নির্বাচনি প্রচারকে জনগণের জন্য সহনীয় রাখতে কোনো শোডাউন বা লাউডস্পিকার ব্যবহার করছেন না বলেও জানান তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রচারে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হিসেবে উদ্ভাবনী ‘ম্যাজিক ফাইভ’ কৌশল নিয়েছেন বলে জানান তাসনিম জারা।

‘ম্যাজিক ফাইভ’ কৌশল সম্পর্কে তাসনিম জারা বলেন, ‘ঢাকা-৯ আসনে জয়ের জন্য আনুমানিক ১ লাখ ৫০০ ভোট প্রয়োজন। আমাদের ৩০০ জন ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) যদি পরিচিত ৫ জন মানুষকে ৫ মিনিটের ফোনকলে নতুন ও পরিচ্ছন্ন রাজনীতির পক্ষে উদ্বুদ্ধ করতে পারেন, তবেই বিজয় সম্ভব।’

ফুটবল প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী জানান, ইতিমধ্যে প্রায় ১৫ হাজার ভলান্টিয়ার অনলাইনে তার সঙ্গে যুক্ত হয়ে এই কার্যক্রম শুরু করেছেন।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাসনিম জারা বলেন, ‘বিগত বছরগুলোতে শিক্ষা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে, কিন্তু আমাদের সন্তানদের বিশ্ববাজারের উপযোগী করা সম্ভব হয়নি।’

এই স্বতন্ত্র প্রার্থী জানান, তার ইশতেহারে স্কুলগুলোতে আধুনিক সায়েন্স ল্যাব ও ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বর্তমান সময়ের অপরিহার্য দক্ষতা এআই-এর (কৃত্রিম বুদ্ধিমত্তা) কথাও উল্লেখ রয়েছে।

এলাকার গ্যাস-সংকট ও রাস্তাঘাটের অব্যবস্থাপনা নিয়ে নাগরিকদের ক্ষোভ রয়েছে বলে উল্লেখ করে তাসনিম জারা বলেন, ‘তিতাস গ্যাস না দিতে পারলে মানুষ বিল দেবে না—এই আইনের পক্ষে আমি কাজ করব। পাশাপাশি সিটি করপোরেশন, ওয়াসা ও তিতাসের কাজের মধ্যে সমন্বয় আনতে একটি নির্দিষ্ট ‘ডেডলাইন’ বা সময়সীমা নির্ধারণ করার ক্ষেত্রে কাজ করব। রাস্তাঘাট খোঁড়াখুঁড়ির কারণে জনগণের বছরের পর বছর ভোগান্তি বন্ধে কঠোর জবাবদিহি নিশ্চিত করব।’

তিনি আরও জানিয়েছেন, ফুটবল প্রতীকের প্রতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া এই স্বতন্ত্র প্রার্থীকে আশাবাদী করে তুলছে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.