জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে, যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।
রবিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা হচ্ছে। এ নিয়ে মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। একই সঙ্গে তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই আন্দোলন দেশের সামনে নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ তৈরি করেছে, সেটিকে বাস্তবায়ন করতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করছে। আন্দোলনের পরিবর্তে এখন সংসদে আলোচনার মাধ্যমে এমন একটি রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর সহিংসতার পথে যেতে না হয়।
তিনি বিরোধী দলের প্রতি সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে এসে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদির সংস্কৃতি রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। তার মতে, দীর্ঘ ১৬ বছরের নানা অনিয়ম ও অপকর্মের প্রভাব অল্প সময়ে দূর করা সম্ভব নয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









