সরকার গঠনের প্রথম ছয় মাসেই বিএনপি সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভীর দাবি, কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্যমাত্রার ১০০ শতাংশ অর্জিত হয়েছে। আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে।
সরকারের ছয় মাসের অর্জনের বিস্তারিত পরিসংখ্যান শিগগির প্রকাশ করা হবে জানিয়ে রিজভী বলেন, এ বিষয়ে লিখিত বিবরণ বা একটি বুকলেট সাংবাদিকদের দেওয়া হবে। সেখানে পরিবার কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ সরকারের বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান থাকবে।
তিনি বলেন, ছয় মাসের জন্য যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে। কোথাও ১০০ শতাংশ না হলেও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত অর্জন হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি নিতে কিছুটা সময় লেগেছে বলেও জানান তিনি।
পরবর্তী ছয় মাসে সরকারের কর্মসূচিগুলো আরও জোরালো ও দ্রুতগতিতে বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন রিজভী।
দলের মহাসচিবের রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে দলীয় পদ বা সরকারের অন্য কোনো পদ থেকে পদত্যাগের বাধ্যবাধকতা নেই। তবে নৈতিক কারণে দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার থেকে খালেদা জিয়া কখনো সরে যাননি। এ কারণে রাজনৈতিক জীবনে তাঁকে দুঃখ, বেদনা, নিপীড়ন ও নির্যাতন সহ্য করতে হয়েছে।
এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, ছাত্র-জনতার সেই আন্দোলনের মূর্ত প্রতীক ও মূল প্রেরণা ছিলেন তিনি।
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার ঢাকাসহ সারা দেশে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংগঠনে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত আসেনি। দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা হয়ে থাকলেও তা তাঁর জানা নেই বলে জানান তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করেন রিজভী।
সংবাদ সম্মেলনের শেষদিকে খালেদা জিয়ার জন্মদিনের কর্মসূচিকে গুরুত্ব দিয়ে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, খালেদা জিয়ার বিষয়টি জাতির আবেগের সঙ্গে জড়িত, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা উচিত।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









