গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা না হলে দেশের রাজনীতিতে সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের ও জনগণের স্বার্থে সংসদের ভেতরে-বাইরে সরকারের ভালো উদ্যোগে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। তবে জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড হলে তার বিরুদ্ধে দলটি অবস্থান নেবে। এ ক্ষেত্রে তাদের ভূমিকা হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। রাজপথের আন্দোলনও অহিংস রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, দেশের চলমান জনদুর্ভোগসহ বিভিন্ন বিষয় নিয়ে টেলিভিশনের শীর্ষ নির্বাহীদের সঙ্গে আলোচনা করেছেন জামায়াত আমির। একই সঙ্গে সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদল হিসেবে জামায়াতের ভূমিকা সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে।
তিনি বলেন, সভায় জনজীবনের নানা দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার জানান, জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান আরও স্পষ্ট করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন টেলিভিশনের প্রধান নির্বাহীরা। তাদের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, তারা গণভোটের রায় মেনে নেবে কি না।
বিরোধীদল হিসেবে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সংসদে অতীতের যেকোনো সময়ের তুলনায় দলটির গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন টেলিভিশন নির্বাহীরা।
মতবিনিময়ে গণমাধ্যমের দায়িত্ব নিয়েও আলোচনা হয়। সংবাদ পরিবেশনের পাশাপাশি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে জামায়াতের কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা খোলামেলাভাবে তুলে ধরে গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।
মিয়া গোলাম পরওয়ার আরও জানান, মতবিনিময় সভায় টেলিভিশন চ্যানেলগুলোর নির্বাহী প্রধানরা চাকরির নিরাপত্তাসহ ইলেকট্রনিক গণমাধ্যমের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাদের বক্তব্য, প্রিন্ট মিডিয়ার কর্মীরা যেসব সুযোগ-সুবিধা পান, ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অনেক ক্ষেত্রে তা থেকে বঞ্চিত। বেতন কাঠামো, ওয়েজ বোর্ডসহ বিভিন্ন কাঠামোগত সুবিধার ঘাটতির বিষয়ও তারা তুলে ধরেছেন।
এসব সমস্যা একটি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্টদের সামনে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে জামায়াত আমির আশ্বস্ত করেছেন।
মতবিনিময় সভায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী, সম্পাদক, হেড অব নিউজ ও বার্তা বিভাগের কর্মকর্তারা অংশ নেন। জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারাও সভায় উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









