সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটলেও সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি। এর ফলে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল। দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল উল্লেখ করে এটি আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে। তবে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশে দীর্ঘদিন ধরে চলে আসা বহু ধর্ম ও বহু সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তারা মনে করেন। এর ফলে দেশের সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর জায়গা তৈরি হবে।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল সরকারে থাকুক কিংবা বিরোধী দলে—সবারই দায়িত্ব দেশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা। বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও এই স্থিতিশীলতার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









