রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে শুরু হওয়া অভিযান বিকেলেও চলছিল।
পুলিশ জানায়, কার্যালয়ের ভেতরে কয়েকশ ব্যক্তি বৈঠক করছিলেন। তাদের মধ্যে ৩০-৪০ জনকে ইতোমধ্যে পল্টন থানায় নেওয়া হয়েছে। পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে দুপুর আড়াইটার দিকে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে প্রবেশ করেন। তাদের অভিযোগ, সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে তিনশ নেতাকর্মীকে নিয়ে প্রতিনিধি সভা চলছিল। তার অভিযোগ, সভায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর এবং ভেতরে সভা চলার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









