কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় ১৫ থেকে ১৭ নভেম্বর বিভিন্ন এলাকায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ৩৪১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়াশোনায় ফিরিয়ে আনতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই, চুরি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
অভিযানের বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘‘কিশোর অপরাধ, চুরি-ছিনতাই এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








