যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে শেনজেনে পৌঁছেছেন। বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তার। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধ ও ইরান সংঘাতসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে বৈঠকে।
বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার এপেক সম্মেলনের ফাঁকে তিন নেতার মধ্যে প্রথমবারের মতো এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার চীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে হোয়াইট হাউস ও ক্রেমলিন থেকেও এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছিল।
ট্রাম্পের চীন সফরের আগে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন শি জিন পিং। এ নিয়ে দুই নেতার মধ্যে ৫০তম ব্যক্তিগত বৈঠক অনুষ্ঠিত হলো। এ সময় শি জিন পিং বলেন, চীন ও রাশিয়ার সম্পর্ক অস্থির ও বিশৃঙ্খল বিশ্বে আরও স্থিতিশীলতা ও নিশ্চয়তা আনবে। পুতিনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমার পুরোনো বন্ধু, আমাদের ৫০তম ব্যক্তিগত বৈঠকটি প্রতীকী তাৎপর্য বহন করে।’
এদিকে যুক্তরাষ্ট্রে মাইক্রোসফট, ফেডারেল এভিয়েশন প্রশাসন, জেপিমরগান চেজ ও জাতীয় নিরাপত্তা সংস্থাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার মধ্যেই আন্তর্জাতিক আলোচনায় যুক্তরাষ্ট্রের শক্তিমত্তা তুলে ধরতে চাইছেন ট্রাম্প। তবে এসব বিপর্যয়ের সঙ্গে বিদেশি প্রতিদ্বন্দ্বী, হ্যাকার কিংবা অপরাধীদের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ত্রিপক্ষীয় বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধ ও ইরান সংঘাতের পাশাপাশি বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চীনের উন্নত কম্পিউটার চিপ পাওয়ার বিষয়গুলোও আলোচনায় আসতে পারে। তবে বিশ্লেষকেরা বৈঠক থেকে বড় ধরনের কোনো অগ্রগতির প্রত্যাশা করছেন না।
এ ছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। যদিও এ বিষয়ে এখনো কোনো সময়সূচি নির্ধারণ করা হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








