মায়রাকে তার নানাভাই একটি তুলোর বাঘ উপহার দিলেন। রয়েল বেঙ্গল টাইগার। গায়ে হলুদ রঙের ভেতর কালো ডোরাকাটা দাগ। বাঘটা অবশ্য হালুম হুলুম করে ডাকতে পারে না। কোলে নিলে চুপচাপ বসে থাকে। মায়রা আর মায়রন খুব মজা পেলো বাঘের কান্ড দেখে। বাঘের নাকটা ধরে টান দেয় মায়রা। মায়রন লেজ ধরে নাড়া দেয়। মায়রা তার নানাকে জিজ্ঞেস করলো এই বাঘ কই থাকে।
নানা বললেন, সুন্দরবনে।
সুন্দরবন কোথায়?
আমাদের দেশের দক্ষিণ অঞ্চলে।
একটা বাঘ ধরে আনা যায় না?
নানা হাসলেন। না বাঘ ধরা নিষেধ।
মায়রা আর মায়রন চুপ মেরে গেল।
তারা খেলনা বাঘ নিয়ে খেলতে শুরু করলো। বাঘের লম্বা লেজ। চোখগুলো একটু কুতকুতে। গোফ আছে। এর ভেতরে মায়রা টেলিভিশনের খবর দেখলো। বাঘ দিবস আসছে ম্যারাথন দৌড় হবে। বাঘ বাঁচাও আন্দোলন হবে।
মায়রা তার নানাকে জিজ্ঞেস করলো ম্যারাথনটা কি?
নানা বললেন, এটা একটা দৌড় প্রতিযোগিতা।
সবাই মিলে দৌড় দেয়। কেউ ফার্স্ট হয়, কেউ দ্বিতীয় কিংবা তৃতীয়। অনেক দূর যেতে হয় দৌড়ে। তাহলে আমিও যাবো।
তুমি পারবে না। তুমি তো ছোট। যখন বড় হবে তখন যেয়ো।
বাঘ দেখবো।
এখানে তো বাঘ থাকবে না। সবাই বাঘ বাঁচাও আন্দোলন করছে। আমরা যেনো বাঘকে মেরে না ফেলি তারই প্রচারণা করছে সবাই।
তাহলে এই বাঘটাকে কি করবো?
এটাকে আমরা ছেড়ে দেবো।
কোথায় ছেড়ে দেবো।
এটা তো বলতে পারি না। তবে চিড়িয়াখানায় হতে পারে।
চিড়িয়াখানায় কি এই খেলনা বাঘ থাকবে? এটা কিছু হলো নানা!
থাকবে বাঘ তো বাঘই।
মায়রা আর মায়রন ভাবলো এই খেলনা বাঘটাকে খেলাধুলা করে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। বাঘ দিবসে ওরা চিড়িয়াখানায় যাবে। সেখানে বাঘটিকে রেখে দিবে। আর বাঘ দিবসে হাতিরঝিলে যে ম্যারাথন হবে সেখানে তারা যাবে।
বাঘ বাঁচাও আন্দোলনে ওরাও থাকবে। ম্যারাথন দেখবে এটাই তাদের আনন্দ। মায়রা আর মায়রন এখন ছোট তারা একদিন বড় হবে। তারাও বাঘ বাঁচাও আন্দোলনে নিজেরে সম্পৃক্ত করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









