কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজার থেকে নৌকাযোগে বাড়ি ফেরার পথে ধনু নদীতে পড়ে রেজওয়ান আহমেদ শুভ (২৬) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি করলেও রাত পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
শুভ সুতারপাড়া ইউনিয়নের সাগুলী গ্রামের মো. শহীদুল ইসলামের ছেলে। নিয়ামতপুর বাজারে তাঁর বাবার একটি টেইলার্সের দোকান রয়েছে। প্রতিদিন বাড়ি থেকে বাবা ও দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে আসতেন শুভ।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবারও বাড়ি থেকে খাবার নিয়ে শুভ নিয়ামতপুর বাজারে যান। বিকেলে খাবার দিয়ে নৌকায় করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। শহিদুল ইসলাম তাকে চামরা ঘাটে বাড়ির উদ্দেশ্যে যাওয়া নৌকায় তুলে দেন। নৌকা চামড়া ঘাট থেকে কিছুদূর যাওয়ার পরেই ঢেউয়ের ঝাঁকুনিতে ধনু নদীতে পড়ে যান তিনি। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। শুভ জন্ম থেকেই মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন। তিনি সাঁতার জানতেন না। প্রায় দেড় মাস আগে তাঁর বিয়ে হয়।
শুভর মামা নিয়ামতপুর মুড়িকান্দি গ্রামের মাহবুব হোসেন শাহ বলেন, ‘শুভকে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন নদীতে খোঁজ করছেন। এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









