প্রকৃতির মাঝে সময় কাটালে মন ভালো থাকে। ভ্রমণের সময় সূর্যের আলো, তাজা বাতাস, নতুন মানুষের সংস্পর্শ—সবকিছুই মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে। আর মন ভালো থাকলে শরীরও স্বাভাবিকভাবে ভালো থাকে।
অবিরাম কাজের চাপে অনেকেই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। ভ্রমণ মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে, মনোযোগ বাড়ায় এবং কর্মক্ষমতা উন্নত করে। তাই ব্যস্ত জীবনের ফাঁকে সময় পেলেই কোথাও বেড়িয়ে পড়া উচিত—এটি কাজের মানও বাড়ায়।
বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের সময় আমরা বিভিন্ন পরিবেশ, খাবার এবং জলবায়ুর সংস্পর্শে আসি। এতে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। নিয়মিত ভ্রমণ করলে শরীরের জীবাণু প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হঠাৎ অসুস্থ হওয়ার ঝুঁকি কমে যায়।
নিয়মিত ভ্রমণ স্ট্রেস কমায়, সৃজনশীলতা বাড়ায় এবং মনকে সতেজ রাখে। মানসিক অবসাদ কাটাতে খুব অল্প সময়ের জন্য হলেও ঘুরে আসা অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ছোট ট্রিপ মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করে ও সুখের অনুভূতি বাড়ায়।
ভ্রমণ মন ও শরীরকে যেভাবে চাঙ্গা করে তোলে, শহুরে জীবনের একঘেয়েমি কাটাতে এবং মানসিক চাপ কমাতে নতুন পরিবেশ ম্যাজিকের মতো কাজ করে। অন্য সংস্কৃতির মানুষের সঙ্গে মিশে জীবন সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জন করা যায়। ভ্রমণের ফলে শারীরিক সক্রিয়তা বৃদ্ধি পায়, যা রক্তচাপ ও হার্ট ভালো রাখতে সাহায্য করে।
মানুষ কাজ করে, দৌড়ায়, ব্যস্ত থাকে—কিন্তু এ ব্যস্ততার মাঝে আমরা সবচেয়ে বেশি ভুলে যাই একটি বিষয়: মনের যত্ন নেওয়া। অনেকেই মনে করেন, ভ্রমণ মানেই বড় বাজেট, বিদেশযাত্রা বা পরিকল্পনা। কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো বলছে, প্রকৃতির মাঝে কয়েক ঘণ্টা কিংবা একদিনের ছোট্ট ভ্রমণই আপনার মানসিক স্বাস্থ্যকে বদলে দিতে পারে।
একাধিক গবেষণা দেখিয়েছে, নিয়মিত অবকাশ যাত্রা, যদিও তা ছোট হোক, মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন দৃশ্য, বাতাস, পরিবেশ অর্থাৎ নতুন যে কোনো কিছুই মস্তিষ্কে জমে থাকা স্ট্রেস কমিয়ে মনকে শান্ত করে।
নতুন জায়গায় গেলে মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে, যা মনকে শান্ত ও সতেজ করে। ফলে মনোযোগও বাড়ে, কাজের প্রতি আগ্রহ ফিরে আসে। বন্ধু কিংবা পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, আড্ডা, কথা, সময় কাটানো—এগুলো মানবিক সম্পর্ককে আরও দৃঢ় করে, যা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি।
চারপাশের পরিবেশ বদলালে মস্তিষ্ক নতুনভাবে ভাবতে শেখে। এজন্যই অনেকেই ছোট ভ্রমণের পর কাজে ফিরে গিয়ে আরও সৃজনশীল হন। অনেকেই মনে করেন, ছুটি নিলে কাজ জমে যাবে বা সময় নষ্ট হবে। কিন্তু বিজ্ঞান বলছে, নিয়মিত বিরতি না নিলে মানসিক ক্লান্তি অজান্তেই জমতে থাকে, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর।
মনকে জীবন্ত করার জন্য সবচেয়ে উত্তম ও সঠিক উপায় হলো ভ্রমণ বা ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়ার মাধ্যমে মনকে সতেজ ও প্রাণবন্ত করা যায়। একঘেয়েমি ও ব্যস্তময় জীবনের জন্য বেড়াতে যাওয়া জরুরি।
সব ক্লান্তি, অবসাদ দূর করার জন্য প্রয়োজন বেড়াতে যাওয়া। হতে পারে সেটি আপনার বাড়ির পাশের কোনো খোলা জায়গা, কোনো পার্ক, আত্মীয়ের বাসা কিংবা দূর কোনো অজানা প্রকৃতিতে। যে প্রকৃতিতে আপনি মিশে যাবেন। মিশে যাবে আপনার আধ্যাত্মিক মন। ফিরে আসতে মন চাইবে না আপন নীড়ে। প্রকৃতির কাছাকাছি যে গেছে; সে পেয়েছে প্রকৃত মানসিক শান্তি। সেই শান্তি আর কোনো কিছুতে পাওয়া যায় না।
বাংলাদেশ অপরূপ লীলাভূমির দেশ। এ দেশের যেদিকে তাকাবেন শুধু সবুজের সমারোহ ও মনোমুগ্ধকর পরিবেশ। যার মধ্যে উল্লেখযোগ্য কিছু স্থান দেশের দক্ষিণাঞ্চল। যেমন—চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।
এ ছাড়া আছে সুন্দরবন ও সিলেটের শ্রীমঙ্গল, মৌলভীবাজারের চা-বাগানসহ দেশের বিভিন্ন স্থান। অল্প কিছু বাজেট ও সময় নিয়ে আপনি ঘুরে আসতে পারেন এসব স্থান থেকে।
পাশাপাশি প্রত্যেক জেলায় গড়ে উঠেছে বিভিন্ন দর্শনীয় স্থান, যা বাচ্চাদের জন্য খুবই জনপ্রিয়। দর্শনীয় স্থানগুলোতে আছে বিভিন্ন কার্যক্রম ও রাইড, যা বাচ্চাদের শরীরচর্চা ও মনের খোরাক মেটায়।
গৃহবন্দি জীবন থেকে বের হয়ে বাচ্চাদের নিয়ে বেড়াতে যাওয়া উচিত। এতে তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। মন প্রফুল্ল থাকে। পড়ায় মন বসে। শরীরও ভালো থাকে।
মেডিক্যাল সায়েন্স অনুযায়ী, ভ্রমণ কিংবা বেড়াতে যাওয়ার মাধ্যমে মেজাজ শান্ত থাকে, মস্তিষ্কের কার্যকক্ষমতা বাড়ে, স্ট্রেস হরমোন কমিয়ে মেজাজ ভালো রাখে। তাই আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা কাটিয়ে সুযোগ করে বেড়াতে যাওয়া জরুরি।
‘মানসিক স্বাস্থ্য ছাড়া শারীরিক সুস্থতা অসম্পূর্ণ’—এ মনোভাব নিয়ে আমাদের ভ্রমণে বা ঘুরতে যেতে হবে।
পরিশেষে বলা যায়, জীবনের ক্লান্তিকর ব্যস্ততার মাঝে ভ্রমণ হলো এক চমৎকার ওষুধ। এটি শুধু আনন্দ দেয় না, বরং মন, শরীর ও আত্মার ভারসাম্য ফিরিয়ে আনে। তাই কাজের ফাঁকে সময় পেলেই একটি ছোট্ট ভ্রমণ পরিকল্পনা করুন। ভ্রমণ মানেই নতুন শক্তি, নতুন অনুপ্রেরণা, নতুন জীবন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









