দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি ডিজিটালাইজেশনের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা নুন্যতম পাঁচ হাজার টাকা বাস্তবায়নসহ বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে পটুয়াখালীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী জেলা সাব রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকন। বক্তব্য রাখেন, পটুয়াখালী সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল মৃধা, পটুয়াখালী সদর উপজেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান তালুকদার, দশমিনা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ হারুন চাপরাশি, কলাপাড়া উপজেলা দলিল লেখক সমিতির সদস্য সচিব শাজাহান সিরাজ সহ জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সমাবেশে পটুয়াখালী জেলার ৮ উপজেলার সকল দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সারাদেশে দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি ডিজিটালাইজেশনের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করার পায়তারা চলছে, এতে দলিল লেখকগন পেশাগত ঝুঁকির মুখে পড়েছে। এছাড়া দলিল লেখা/মুসাবিদা কারক হিসাবে দলিল লেখকদের মামলায় জড়ানো হচ্ছে, অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা হচ্ছে, এতে প্রকৃত দলিল লেখকগন ক্ষতিগ্রস্থ হচ্ছেন। বর্তমান বাজারের হিসেবে দলিল প্রতি সম্মানী ভাতা ৫০০ টাকা একেবারেই অপ্রতুল তাই সম্মানী ভাতা নুন্যতম পাঁচ হাজার টাকায় উন্নীত করা প্রয়োজন।
এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনার পাশাপাশি কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি আদায়ে জেলা-উপজেলার সকল দলিল লেখকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন শত শত দলিল লেখকেরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









