প্রথমবারের মতো দুইজন চীনা গণিতবিদ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত সম্মাননা ফিল্ডস মেডেল অর্জন করেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হং ওয়াং এবং ইউ দেং যুক্তরাষ্ট্রের জন পারডন ও কানাডার জ্যাকব সিমারম্যানের সঙ্গে এ বছরের ফিল্ডস মেডেল লাভ করেন। প্রত্যেকে ১৫ হাজার কানাডিয়ান ডলার পুরস্কার পেয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গণিতের নোবেল হিসেবে পরিচিত ফিল্ডস মেডেল যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির সময়ে এই অর্জন বিশ্বজুড়ে বিশেষ গুরুত্ব পেয়েছে।
হং ওয়াং ও ইউ দেং দুজনই শতাধিক বছর ধরে অমীমাংসিত থাকা দুটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধানের জন্য এই স্বীকৃতি পান। ৩৫ বছর বয়সী হং ওয়াং বর্তমানে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে শিক্ষকতা করছেন এবং তিনি ফিল্ডস মেডেলপ্রাপ্ত ইতিহাসের তৃতীয় নারী।
এই সাফল্যের খবরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। “ফিল্ডস মেডেল” এবং “প্রথম চীনা গণিতবিদদের ফিল্ডস মেডেল অর্জন” শীর্ষক হ্যাশট্যাগ লাখো মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অনেক ব্যবহারকারী এটিকে চীনের জন্য “ঐতিহাসিক মুহূর্ত” ও “জাতীয় গর্ব” হিসেবে অভিহিত করেছেন।
চীনের সংবাদমাধ্যমগুলোও দুই গণিতবিদের শিক্ষা, গবেষণা এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম জাতিগত চীনা ফিল্ডস মেডেলজয়ী শিং-তুং ইয়াউ বলেন, “চীনের গণিত সম্প্রদায়ের জন্য এটি বহু দশকের স্বপ্নপূরণ।”
হং ওয়াং এবং তার সহকর্মী জশ জাল ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকেয়া উত্থাপিত একটি বিখ্যাত সমস্যার সমাধান করেন। প্রশ্নটি ছিল—একটি পেন্সিলকে সম্পূর্ণ ঘোরাতে গেলে সেটি সর্বনিম্ন কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে? তারা ত্রিমাত্রিক (থ্রি-ডাইমেনশনাল) স্থানে সমস্যাটি বিশ্লেষণ করে নতুন সমাধান উপস্থাপন করেন, যা গত বছর প্রকাশিত হয়।
অন্যদিকে, ৩৭ বছর বয়সী ইউ দেং, যিনি ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক, ১৯০০ সালে জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট উত্থাপিত বিখ্যাত ‘হিলবার্টের ষষ্ঠ সমস্যা’র সমাধানের জন্য সম্মানিত হন। গ্যাসের কণার আচরণ বিশ্লেষণের মাধ্যমে তিনি দেখিয়েছেন, কীভাবে অসংখ্য ক্ষুদ্র কণার গতিবিধি থেকে একটি সামগ্রিক ব্যবস্থার আচরণ ব্যাখ্যা করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, এই দুই গবেষণা শুধু তাত্ত্বিক গণিতেই নয়, বরং পদার্থবিজ্ঞান, প্রকৌশল এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









