বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের পর নিজেদের সব সেবা পুরোপুরি সচল করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা এ বিপর্যয়ে আউটলুক, মাইক্রোসফট টিমস, মাইক্রোসফট ৩৬৫ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটসহ বিভিন্ন সেবা ব্যাহত হয়েছিল।
শনিবার (১৪ নভেম্বর) প্রতিষ্ঠানটি জানায়, সমস্যার মূল কারণ সমাধান করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সব গ্রাহক ও অঞ্চলে সেবা পুনরুদ্ধার করা হয়েছে।
মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, সমস্যার সমাধানে তাদের প্রযুক্তিবিদদের প্রচেষ্টা সম্পন্ন হয়েছে। যেসব গ্রাহক ও অঞ্চলে এখনো সেবা বিঘ্নিত ছিল, সেখানেও কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরের দিকে এ বিপর্যয় শুরু হয়। পরে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এতে সরকারি দপ্তর, আদালত, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমান সংস্থা ও ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়।
যুক্তরাজ্যে জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সমস্যার সৃষ্টি হয়। ইমেইল ও ডিজিটাল সেবা ব্যবহার করতে না পেরে হাসপাতালের কর্মীদের অনেক ক্ষেত্রে কাগজে রোগীর তথ্য সংরক্ষণ করতে হয়েছে। অ্যাম্বুলেন্স সেবাতেও উল্লেখযোগ্য প্রভাব পড়ার খবর পাওয়া যায়।
এ ছাড়া আদালতের কার্যক্রমেও বিঘ্ন ঘটে। কোথাও বিচারকাজ স্থগিত রাখতে হয়েছে, আবার কোথাও কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল ও সরকারি দপ্তরেও যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেয়।
অস্ট্রেলিয়ায় সরকারি পুলিশ ও গোয়েন্দা সংস্থার কিছু ব্যবস্থাও এ বিপর্যয়ের প্রভাবের মুখে পড়ে। জাপানে সরকারি ইমেইল সেবা বন্ধ হয়ে যাওয়ায় কর্মকর্তাদের বিকল্প হিসেবে মোবাইল বার্তার মাধ্যমে যোগাযোগ করতে হয়েছে। ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো ও আকাসা এয়ারের ইমেইল সহায়তা সেবাও ব্যাহত হয়েছিল।
অনলাইন বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিশ্বের ৭০টির বেশি দেশ ও অঞ্চল থেকে মাইক্রোসফটের সেবা নিয়ে সমস্যার অভিযোগ জমা পড়ে। প্রতিষ্ঠানটির হিসাবে, বিশ্বজুড়ে প্রায় ৪৩ কোটি মানুষ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন।
মাইক্রোসফট জানিয়েছে, এ বিপর্যয়ের সঙ্গে কোনো সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টের সম্পর্ক নেই। আগের একটি নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধির কাজের সময় তৈরি হওয়া প্রযুক্তিগত সমস্যা সাম্প্রতিক নেটওয়ার্ক পরিবর্তনের পর প্রকাশ পায়। এর ফলে কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়ে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, সমস্যা সমাধানের চেষ্টা চলাকালে কিছু সার্ভার পুনরায় চালু হওয়ার পর অতিরিক্ত ট্রাফিকের চাপে আবারও অকার্যকর হয়ে পড়ে। এ কারণে ধাপে ধাপে সেবা পুনরুদ্ধার করতে হয়েছে।
এ ঘটনায় গ্রাহক ও অংশীদারদের কাছে দুঃখ প্রকাশ করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরো ঘটনার কারণ ও প্রভাব বিশ্লেষণ করে পরবর্তী সময়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিশ্বের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কার্যক্রম অল্প কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে একটি প্রতিষ্ঠানের প্রযুক্তিগত বিপর্যয় মুহূর্তেই বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ সেবায় প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা ডিজিটাল অবকাঠামোর বিকল্প ব্যবস্থা ও প্রযুক্তিগত নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা আবারও সামনে নিয়ে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









