আবারও চোটে পড়েছেন ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। কার্লো আনচেলত্তির দলে জায়গা মিললেও নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় কাটছে না। ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা তার।
বুধবার (২০ মে) ব্রাজিলের স্থানীয় সময় সন্ধ্যায় নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন সান্তোসের মেডিক্যাল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব।
সান্তোস জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় ক্লাবটির হয়ে সামনের ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারবেন না। নেইমার সর্বশেষ চোটে পড়েছেন গত রবিবার ঘরের মাঠে কুরিতিবার বিপক্ষে। সেদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে কাফের সমস্যার কারণে মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।
রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের ডান পায়ের কাফে দুই মিলিমিটারের একটি ‘এডিমা’ বা হালকা ফোলাভাব ধরা পড়েছে। তবে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো, আগামী সপ্তাহে বিশ্বকাপের জন্য ব্রাজিলের জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে নেইমারের কোনো সমস্যা হবে না।
এই চোট নেইমারের বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা হবে না বলে আশ্বস্ত করেছেন জোগাইবও। ২৭ মে থেকে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের মূল প্রস্তুতি শুরু করার কথা রয়েছে নেইমারের।
ব্রাজিলিয়ান স্পোর্টস নেটওয়ার্ক ‘জিই’ কে জোগাইব বলেন, ‘‘নেইমারের কাফে সামান্য চোট রয়েছে, সেখানে একটু এডিমা (ফোলা) আছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী, তাঁর পুনর্বাসন যেভাবে এগোচ্ছে, তাতে আগামী সপ্তাহে জাতীয় দলে যোগ দেওয়ার সময় তিনি পুরোপুরি ফিট থাকবেন।’’
বর্তমানে সান্তোসের ‘রেই পেলে ট্রেনিং সেন্টার’–এ নিজের ব্যক্তিগত স্টাফদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন নেইমার। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চিকিৎসকেরাও তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৮ মে ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করেন কোচ আনচেলত্তি। এর দুদিন পরই নেইমারের চোটের খবর সামনে এল। এটি হতে যাচ্ছে নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন তাদের সূত্রের বরাতে জানিয়েছে, চূড়ান্ত দল ঘোষণার কয়েক ঘণ্টা আগে নেইমারের চোটের এই ঘটনা আনচেলত্তির কোচিং স্টাফদের বেশ চিন্তায় ফেলে দিয়েছিল।
তাদের ভয় ছিল, এই চোটের কারণে হয়তো নেইমারের প্রাথমিক অনুশীলন সূচি ব্যাহত হতে পারে এবং ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়তে পারে। তবে তেমন কোনো ক্ষতি হবে না নিশ্চিত হওয়ার পর আনচেলত্তি নেইমারকে রেখে স্কোয়াড ঘোষণা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









