অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচটি টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর আম্পায়াররা আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেন।
ম্যাচটি শুরু থেকেই ছিল বৃষ্টির হুমকিতে। সকাল থেকে বৃষ্টির কারণে নির্ধারিত সময়মতো টস করা সম্ভব হয়নি।বৃষ্টির কারণে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৪৭ ওভারে। টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
সতর্কভাবেই নিউ জিল্যান্ড শুরু হলেও ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ যখন ৫১ রান তখনই আবার বৃষ্টির হানা। এরপর একাধিকবার মাঠ পরিদর্শন করেও ম্যাচ পুনরায় শুরু করা সম্ভব হয়নি।
আম্পায়াররা দুই অধিনায়কের সঙ্গে আলোচনা করেন এবং একাধিকবার পরিদর্শনের সময় নির্ধারণ করা হয়। কখনো বৃষ্টি থামে, আবার কখনো শুরু হয়। পিচ ঢেকে রাখা হয় কাভারে, কখনো তা সরানো হয়। কিন্তু আকাশের অনিশ্চয়তা শেষ পর্যন্ত কাটেনি।
দীর্ঘ অপেক্ষার পর সিদ্ধান্ত আসে- ম্যাচটি আর মাঠে গড়াচ্ছে না। ফলে নিয়ম অনুযায়ী ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দলকেই পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা যেন পুরোপুরি বৃষ্টিনির্ভর। দুই ম্যাচেই প্রকৃতির বাধায় স্বাভাবিক লড়াইয়ের সুযোগ পায়নি যুব টাইগাররা। দুই ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। পরের ম্যাচে শুক্রবার যুক্তরাষ্ট্রের যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









