যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক, ফুটবলের উন্নয়নে বিশেষ আগ্রহ দেখিয়ে বাফুফের নির্বাহী কমিটির সঙ্গে আবারও বৈঠক করেছেন। সাম্প্রতিক এই বৈঠকে আগামী বছরের কার্যক্রমই ছিল মূল আলোচ্য বিষয়।
আগামি ১ বছরের সম্ভাব্য সূচি ও ভেন্যু প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করেছে বাফুফে। এতে সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু হিসেবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের নাম থাকলেও সময়সূচিতে কিছু অমিল রয়েছে।
আন্তর্জাতিক সূচিতে সাফ, এএফসি ও ফিফার বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের পাশাপাশি কিছু প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। ২০২৭ সালের মার্চ থেকে শুরু হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই নিয়েও আলোচনা হয়েছে। শহীদ জিয়ার নামে একটি আন্তর্জাতিক গোল্ডকাপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে, যদিও সময় ও ভেন্যু এখনো চূড়ান্ত নয়।
ঘরোয়া পর্যায়ে আগামী বছরে ২৩টি প্রতিযোগিতা রাখছে বাফুফে। এর মধ্যে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও সুপার কাপ উল্লেখযোগ্য। পাশাপাশি তৃণমূল ফুটবল, জেলা ও পাইওনিয়ার লিগও বর্ষপঞ্জিতে স্থান পেয়েছে।
তবে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে মাঠ সংকট। সিলেট, চট্টগ্রাম ও কমলাপুর স্টেডিয়াম হস্তান্তরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বৈঠকে এ বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
প্রতিমন্ত্রী বাফুফেকে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন এবং তৃণমূল ফুটবলকে আরও বেশি প্রচারে আনার ওপর জোর দিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









