দীর্ঘ এক যুগের বেশি সময় পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। স্বাগতিকদের বর্তমান শক্তিমত্তা বিবেচনায় আসন্ন সিরিজটি কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জস ইংলিস।
সোমবার (৮ জুন) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। বিশেষ করে নিজেদের মাটিতে তারা আরও শক্তিশালী দল হিসেবে পরিণত হয়েছে।
ইংলিস বলেন, ‘বাংলাদেশের দলে বেশ কয়েকজন মানসম্পন্ন অলরাউন্ডার রয়েছে। হোম কন্ডিশনে তারা অনেক কার্যকর দল। অতীতে অনেক দল এখানে এসে চাপে পড়েছে। তবে আমরা নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখছি এবং ভালো একটি সিরিজের প্রত্যাশা করছি।’
উইকেট প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক ম্যাচগুলোতে কিছুটা সিম সহায়ক উইকেট দেখা গেছে, যেখানে নতুন বল কার্যকর ভূমিকা রেখেছে। সে অনুযায়ী দল প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
নিজ দলের পেসার নাথান এলিসকে নিয়ে ইংলিস বলেন, ‘নাথান এলিস আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। গত কয়েক বছরে সে দারুণ দায়িত্বশীলতার সঙ্গে খেলেছে। তার বোলিংয়ে বৈচিত্র্য আছে এবং ম্যাচের সব পর্যায়েই সে কার্যকর ভূমিকা রাখতে পারে।’
শেষে তিনি বলেন, এই সিরিজটি নিয়ে দলের সবাই উচ্ছ্বসিত। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে নিয়মিত সিরিজ না হওয়ায় এই লড়াইটি বিশেষ গুরুত্ব বহন করছে এবং ভিন্ন কন্ডিশনে খেলতে মুখিয়ে আছেন সবাই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









