পায়ের পেশির ইনজুরি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ থেকেই নেইমারের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
গত মাসে সান্তোসের হয়ে ম্যাচ খেলার সময় পায়ের পেশির ইনজুরিতে পড়েন নেইমার। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় গ্রেড-২ মাসল টিয়ারে সমস্যা আছে তার। ফলে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান নেইমার।
ইনজুরির কারণে বিশ্বকাপের মূল পর্বের আগে পানামা ও মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি নেইমার। পাশাপাশি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েন তিনি।
তবে সদ্য পাওয়া এমআরআই রিপোর্ট সুসংবাদ দিয়েছে নেইমারকে। তার চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি দেখা গেছে বলে জানায় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
তারা জানায়,‘পরীক্ষায় দেখা গেছে, চিকিৎসায় নেইমারের ভালো অগ্রগতি হয়েছে। স্ক্যানের ফলাফল খুবই সন্তোষজনক। দলের মেডিকেল স্টাফদের দেওয়া রুটিন অনুযায়ী ঠিকঠাক সেরে উঠছেন নেইমার। তাই দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন এবং শারীরিক প্রস্তুতির প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।
ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচ খেলে ৭৯ গোল করেছেন এই তারকা ফুটবলার। বিশ্বকাপ মঞ্চে ১৩ ম্যাচে ৮ গোল করেছেন তিনি।
১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









