তিন বছর পর আবারও অস্ট্রেলিয়ান ওপেনের নারী একক ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন আরিনা সাবালেঙ্কা ও ইয়েলেনা রিবাকিনা। তিন বছর আগে রড লেভার অ্যারেনায় কাজাখস্তানের রিবাকিনাকে হারিয়েই প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন বেলারুশের সাবালেঙ্কা।
এ নিয়ে টানা চারবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন সাবালেঙ্কা। প্রথম তিনবার ফাইনালে উঠে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ইভোন গুলাগং ও মার্টিনা হিঙ্গিসের পর উন্মুক্ত যুগে তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে টানা চারবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন ২৭ বছর বয়সী এই বেলারুশ তারকা।
সাবালেঙ্কা প্রথম সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে হারিয়েছেন। ইউক্রেন-বেলারুশ বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে এই ম্যাচ নিয়ে আগ্রহের পারদ চড়েছিল বেশ। তবে কোর্টে কোনো প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতাই হয়নি দুই খেলোয়াড়ের। সাবালেঙ্কা ১ ঘণ্টা ১৬ মিনিটেই জিতে গেছেন ৬-২, ৬-৩ গেমে।
ইউক্রেন-বেলারুশের খেলোয়াড়েরা মুখোমুখি হলে যা হয়, সেটিই হয়েছে এবারও। রুশ ও বেলারুশ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান না ইউক্রেনীয় খেলোয়াড়েরা। ম্যাচশেষে সভিতোলিনাও সেই ধারা বজায় রেখেছেন। দুই খেলোয়াড়ের গ্রুপ ছবিও তোলা হয়নি।
তুলনায় দ্বিতীয় সেমিফাইনালটা জমজমাটই ছিল। যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৬-৩, ৭-৬ (৯/৭) গেমে হারিয়েছেন কাজাখস্তানের রিবাকিনা। নাটক অবশ্য সব হয়েছে রিবাকিনা দ্বিতীয় সেটে ৫-৩ গেমে এগিয়ে যাওয়ার পর।
৯ নম্বর গেমে রিবাকিনা ম্যাচ পয়েন্টের সুযোগ পেয়ে গিয়েছিলেন। তবে পেগুলার সার্ভিসে সেই সুযোগ হারান রিবাকিনা। ওই গেমে মোট তিনবার ম্যাচ পয়েন্ট বাঁচানো পেগুলা শেষ পর্যন্ত টাইব্রেকারে নিয়ে যান সেটটিকে। সেখানেই ৭-৬ পয়েন্টে এগিয়ে যাওয়ার পরও হার মানেন পেগুলা।
মেয়েদের একক ফাইনাল শনিবার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









