রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ক্রিকেটারদের তোপের মুখে আইসিসি

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম

ক্রিকেটারদের তোপের মুখে আইসিসি

বাংলাদেশ ইস্যু নিয়ে সমালোচনার মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে নতুন করে বিপাকে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। খেলোয়াড়দের বাণিজ্যিক অধিকার ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে আইসিসির সঙ্গে এবার সরাসরি দ্বন্দ্বে জড়িয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।

ক্রিকইনফোর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বিশ্বকাপের জন্য আইসিসি খেলোয়াড়দের কাছে যে ‘স্কোয়াড পার্টিসিপেশন টার্মস’ পাঠিয়েছে, তা ২০২৪ সালে দুই পক্ষের সম্মতিতে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ করেছে ডব্লিউসিএ।

সংগঠনটি জানায়, নতুন এই শর্তাবলি খেলোয়াড়দের জন্য ‘শোষণমূলক’। তারা নিজেদের উদ্বেগের কথা আইসিসিকে লিখিতভাবে জানিয়েছে।

আইসিসি সংগঠনটির অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ২০২৪ সালের চুক্তিটি কেবল নির্দিষ্ট আটটি সদস্য বোর্ডের জন্য প্রযোজ্য ছিল এবং এবারের বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের ক্ষেত্রে তা কার্যকর নয়।

এর পাল্টা জবাবে ডব্লিউসিএ বলছে, ‘আগের চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে, খেলোয়াড় সংগঠনের সঙ্গে যুক্ত সব ক্রিকেটারের জন্যই ওই চুক্তির সুরক্ষা প্রযোজ্য হবে। তাই বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড়ই সেই আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন।’

ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মফাট নতুন শর্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আইসিসির দেওয়া নতুন শর্তাবলি পূর্বে সম্মত চুক্তির তুলনায় খেলোয়াড়দের বাণিজ্যিক অধিকার ও সুরক্ষাকে মারাত্মকভাবে খর্ব করছে।’

বিশেষ করে কনটেন্ট ও মিডিয়া উপস্থিতি, পর্দার পেছনের ভিডিও ধারণ, ড্রেসিংরুমে প্রবেশাধিকার, খেলোয়াড়দের বায়োমেট্রিক ডেটা এবং লাইসেন্সিং ইস্যু নিয়ে আপত্তি জানিয়েছে ডব্লিউসিএ। 

মফাট আরও অভিযোগ করে বলেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, একই বিশ্বকাপে অংশ নেওয়া বড় দলগুলো ভালো সুবিধা পেলেও ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের খেলোয়াড়দের ভিন্ন ও কঠোর শর্তে খেলতে বাধ্য করা হচ্ছে। অথচ অনেক খেলোয়াড়ের জন্য আইসিসি ইভেন্টই আয়ের প্রধান উৎস।’

ডব্লিউসিএ স্পষ্ট জানিয়েছে, তারা ক্রিকেটের উন্নয়ন বা আইসিসি ইভেন্টের বিরোধী নয়। তবে খেলোয়াড়দের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতেই সেই লক্ষ্য অর্জন করতে হবে। 

সংস্থাটির দাবি, সংশ্লিষ্ট খেলোয়াড়রা ইতোমধ্যে সম্মত স্কোয়াড শর্তে স্বাক্ষর করেছেন এবং বিশ্বকাপে আইসিসিকে সেই পুরোনো শর্তগুলোই কার্যকর করতে হবে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.