বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাণভ্রমরা এবং লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে হাঁটুতে আঘাত নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। হাঁটুর চোট থেকে সেরে উঠতে তার বেশ কয়েক সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে।
গত শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে হাঁটুতে আঘাত পেয়ে গুরুতর চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন লেস্টার সিটির এই তারকা। ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে তাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হামজার হাঁটুতে স্ক্যান করানো হবে।’
কয়েকটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানা গেছে, এমসিএল চোটে পড়েছেন হামজা। যে কারণে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে ছয় থেকে আট সপ্তাহ। তবে অস্ত্রোপচারের দরকার নেই আর এতেই স্বাভাবিকভাবেই লেস্টার সিটি হামজার চোট ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করবে।
একইসঙ্গে সেদিকে নজর থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে); কারণ মার্চের শেষদিকে দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।
অল্প সময়েই বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে হামজা। জাতীয় দলের ম্যাচে ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের উপস্থিতিই বাড়তি তেজ যোগ করে।
এদিকে, লেস্টার সিটির অবস্থাও খুব একটা ভালো নয় কারণ গত মৌসুমে তারা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যায়। সেখানেও অবস্থান ভালো নয়। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে লেস্টারের ব্যবধান মাত্র ৬ পয়েন্ট। ফলে হামজাকে মাঝের সময়ে না পাওয়ার তাদের জন্য ধাক্কাই বটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









