বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের একটি বিষয় নিয়েই বেশি আলোচনায় উঠে আসেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে তার অংশগ্রহণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল অঙ্গনে শুরু হয় ব্যাপক সমালোচনা। তবে এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সান্তোসের এই তারকা ফুটবলার।
নরওয়ের কাছে শেষ ষোলোতে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর ছুটিতে যান নেইমার। অবকাশ যাপনের সময় তিনি ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এরপরই প্রশ্ন ওঠে, ফুটবলের পাশাপাশি তিনি কি পোকারকেও গুরুত্ব দিচ্ছেন, নাকি অবসরের পর এটিকেই পেশা হিসেবে নিতে চান।
সমালোচনা আরও বাড়ে যখন প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও তাকে পোকার টেবিলে দেখা যায়। একই সময়ে কোপা সুদামেরিকানায় মাঠে খেলছিল তার ক্লাব সান্তোস। দলের অধিনায়ক হয়েও ম্যাচে না গিয়ে পোকার খেলায় অংশ নেওয়ায় অনেকেই তার পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তোলেন।
এসব সমালোচনার জবাবে নেইমার বলেন, দায়িত্ব পালনে তিনি কোনো অবহেলা করেননি। তার ভাষ্য, পোকার খেলতে যাওয়ার আগে সকালে অনুশীলন করেছেন, পরে আবার ট্রেনিংয়েও ফিরেছেন। মাঝের দিনটি ছিল তার নির্ধারিত ছুটি, তাই সেই সময় কী করবেন, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।
সমালোচকদের উদ্দেশে নেইমার বলেন, ‘আমি এখন দ্বিতীয় ট্রেনিং সেশনে কাজ করছি। অথচ আলোচনা হচ্ছে, ছুটির দিনে আমি কেন পোকার খেলেছি। সকালে অনুশীলন করেছি, যদিও ম্যাচে যাইনি। এখন আবার অনুশীলনে ফিরে এসেছি। মাঝের দিনটি ছিল আমার ছুটি। আমি কি সারাক্ষণ অনুশীলনই করে যাব, নাকি তোমরা শুধু সমালোচনাই করবে? এসব বাদ দিয়ে নিজেদের চরকায় তেল দাও।’
পোকারের প্রতি নেইমারের আগ্রহ অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি নিয়মিত এই খেলায় অংশ নিয়ে আসছেন। ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের আগের আসরেও খেলেছিলেন তিনি। সেই প্রতিযোগিতায় ৩৪৬ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৯তম স্থান অর্জন করেছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
এদিকে মাঠের প্রস্তুতিও চালিয়ে যাচ্ছেন নেইমার। সান্তোসের কোচ নিশ্চিত করেছেন, ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে রোববার শাপেকোয়েনসের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরবেন দলের অধিনায়ক। ফলে সমালোচনার মধ্যেও ফুটবলে নিজের মনোযোগ অটুট রয়েছে—এমন বার্তাই দিয়েছেন ব্রাজিলের অন্যতম সেরা এই তারকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









