পেট ও দুই পায়ে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচিয়ে পাচারকালে ২৪ হাজার ইয়াবা বড়ি ও একটি সিএনজি অটোরিকশাসহ আব্দুল হোসেন (৫৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভ সড়কে ইসমাইল স্টোরের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন তথ্যে জানা গেছে এক মাদক কারবারি ইয়াবার চালান নিয়ে সিএনজি অটোরিকশায় করে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছেন। পরে সকালে কচ্ছপিয়া এলাকার ইসমাইল স্টোরের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এরপর সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এ সময় তার পেটের অংশ ও দুই পায়ে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচানো ছয়টি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ১২০টি বায়ুরোধক নীল জিপার পলিব্যাগে ২৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হোসেন টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুদারবিল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী মিয়ানমার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও সিএনজি অটোরিকশাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









