ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ও অলরাউন্ডার বেন স্টোকস মাঠের লড়াইয়ে বিপর্যস্ত হওয়ার পর এবার ক্রিকেট বলের আঘাতে চোখে ও মুখে গুরুতর চোট পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে তিনি নিজের চোট পাওয়ার বিষয়টি জানিয়েছেন।
ইংলিশ অধিনায়ক স্টোকস ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন যেখানে তার ডান চোখ কালো হয়ে ফুলে গেছে, গাল, ঠোঁট ও নাকে ক্ষত এবং ব্যান্ডেজও রয়েছে।
ছবির ক্যাপশনে হাসির ইমোজি দিয়ে তিনি মজা করে লিখেন, ‘ক্রিকেট বলটার কী অবস্থা হয়েছে সেটা আপনার দেখা উচিত।’
বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড সম্প্রতি অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়। সিরিজের শেষ টেস্টে সিডনিতে কুঁচকির চোট পাওয়ার কারণে দ্বিতীয় ইনিংসে তিনি বল করতে পারেননি। পুরো সিরিজে বল হাতে ভালো ছন্দে থাকলেও ব্যাটিংয়ে বড় মাপে ভুগেছেন স্টোকস।
স্টোকস আগামী ৪ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম শুরু করবেন। সুস্থ হয়ে উঠলে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুর দিকে ডারহামের হয়ে মাঠে নামতে পারেন।
২০২৭ পর্যন্ত ইসিবির সঙ্গে চুক্তিবদ্ধ এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে পূর্ণ মনোযোগ দিতে আগামী মাসের 'দ্য হান্ড্রেড'-এর নিলাম থেকে নিজেকে সরিয়ে রাখার সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









