অস্ট্রেলিয়া সফর বাংলাদেশের ক্রিকেটের জন্য বরাবরই কঠিন পরীক্ষা। তবে এবার সেই পরীক্ষায় শুধু লড়াই করে টিকে থাকার লক্ষ্য নিয়ে যাচ্ছে না বাংলাদেশ। বরং সুযোগ পেলে ইতিহাস গড়ার আত্মবিশ্বাসও রয়েছে দলের মধ্যে। এমনটাই মনে করেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলেছিল, তখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করার লড়াইয়ে ছিল দলটি।
সময়ের ব্যবধানে বদলেছে পরিস্থিতি। এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ চার দলের একটি হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ।
রবিবার (২ আগস্ট) অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাবিবুল বাশার। সেখানে তিনি জানান, এবার সফরের লক্ষ্য শুধু প্রতিরোধ গড়ে তোলা নয়, ভালো কিছু করা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ ২৩ বছর আগেও ছিল, এখনও আছে। তখনকার প্রেক্ষাপট একরকম ছিল, এখন অন্যরকম। তখন মূল লক্ষ্য ছিল টিকে থাকা। এবার আমরা শুধু টিকে থাকতে যাচ্ছি না, ভালো কিছু করতে চাই।’
প্রধান নির্বাচকের বিশ্বাস, দলের ক্রিকেটাররাও এই সফরকে নিজেদের ক্যারিয়ারের বিশেষ সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘যাদের সঙ্গে কথা হয়েছে, সবাই খুব রোমাঞ্চিত। সবাই এখানে বিশেষ কিছু করে ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু করতে চায়। আমরা জানি চ্যালেঞ্জ অনেক বেশি। অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। কিন্তু সবাই এমন কিছু করতে চায়, যেটা সারা জীবন মনে থাকবে।’
অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো সহজ নয়। তবে সেটি অসম্ভবও নয় বলে মনে করেন বাশার। উদাহরণ হিসেবে তিনি নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের কথা তুলে ধরেন।
সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা এর আগে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছি। সেটাও কঠিন সফর ছিল। সেখানেও আমাদের সেরা একাদশ ছিল না, কয়েকজন চোটে ছিল। তাই কঠিন হলেও অসম্ভব কিছু নয়।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









