নারী এশিয়া কাপ ক্রিকেট ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি, ভেন্যু ও তারিখ ঘোষণা করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। অংশগ্রহণকারী দেশগুলোকে অনানুষ্ঠানিকভাবে সম্ভাব্য তারিখ জানিয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এবারের টি-টোয়েন্টি নারী এশিয়া কাপে অংশ নেবে আটটি দল। তারা হলো বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
এসিসি অংশগ্রহণকারী দেশগুলোর কাছে ২২ জুলাই একটি ই-মেইলে টুর্নামেন্টের লোগো পাঠায়। সেখানে জানানো হয়, ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তবে দলগুলোকে ২৭ আগস্টের মধ্যে পৌঁছাতে এবং ১৩ সেপ্টেম্বর ফাইনাল আয়োজনের পরিকল্পনা জানানো হয়।
বর্তমানে এসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। তার অনুমোদনের অপেক্ষায় রয়েছে চূড়ান্ত ঘোষণা।
সূচি প্রকাশে দেরি হওয়ায় অংশগ্রহণকারী দেশগুলো ভ্রমণ ও অন্যান্য প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তায় রয়েছে। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী দলের স্কোয়াড প্রকাশ করে আবার তা সরিয়ে নেয়, কারণ এসিসি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
উল্লেখ্য, জাপানের নাগোয়া শহরে ২০২৬ এশিয়ান গেমসে নারী ক্রিকেট অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









