ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী প্রাণনাশের হুমকিসহ একাধিক চিঠি পেয়েছেন। এর মধ্যে একটি চিঠিতে তাকে ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। কয়েক মাস ধরে এ ধরনের হুমকিসূচক চিঠি পাচ্ছেন বলে পুলিশকে জানান ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) এই সভাপতি।
সৌরভের ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য অভিযোগটি দায়ের করেন। এতে বলা হয়েছে, গত ছয় মাস ধরে সৌরভ গাঙ্গুলীর পরিবারকে উদ্দেশ করে বেনামে ইংরেজিতে বেশ কয়েকটি আপত্তিকর চিঠি পাঠানো হচ্ছিল।
ভারতের বার্তা সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, সৌরভ গাঙ্গুলী দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করার পর কে বা কারা এমন হুমকিসূচক চিঠি পাঠিয়েছে, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ নিয়ে বলেন, ‘‘আমরা অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং তদন্ত শুরু করেছি। এর পেছনে দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে চিঠির ভাষা, পাঠানোর উৎস ও কুরিয়ার সার্ভিসের বিবরণ খতিয়ে দেখা হচ্ছে।’’
পুলিশ সূত্রে জানা গেছে, হুমকির চিঠিতে উল্লেখ থাকা একটি ফোন নম্বর ‘ট্রু কলার’-এ অনুসন্ধান করে জনৈক অরুণ কুমারের নাম পাওয়া গেছে। তবে ওই ব্যক্তিই হুমকির চিঠি পাঠিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে ২০১৭ সালেও সৌরভ গাঙ্গুলীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় নির্মাল্য মাইতি নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









